ঘুরে দাঁড়ানোর চেষ্টা রশিদাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ রশিদা বেগমের উঠোনে পড়ে আছে ভাঙা বেড়ার অংশ। বড় ছেলে আলী আকবর ব্যস্ত নতুন করে ঘরের চালা তৈরিতে। পুত্রবধূ ও দুই নাতিকে নিয়ে ঘরের অন্যান্য জিনিস গোছাচ্ছেন রশিদা। গতকাল বুধবার দুপুর ১২ টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে গেলে দেখা যায় এ চিত্র।

রশিদা বেগম জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার আগে সোমবার তাঁরা আশ্রয়কেন্দ্রে চলে যান। ঝড় থেমে গেলে পরের দিন দুপুরে এসে দেখেন দুই কক্ষের ঘরটি মাটির সঙ্গে মিশে গেছে। চালা উড়ে গিয়ে পড়েছে বেশ কিছু দূরে। বিধ্বস্ত হয়েছে বেড়া।

তিনি বলেন, তাঁর স্বামী নেই। ছেলে দিনমজুর। এখন কাজ নেই। তাই হাতে কোনো টাকা-পয়সাও নেই। কোনোরকমে রাতে ঘুমানোর ব্যবস্থা করছি। বসে থাকলে তো হবে না।

রশিদার পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তাঁর প্রতিবেশী হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন ও মোমিনা বেগমরাও বিধ্বস্ত ঘর মেরামত করে নতুন করে তৈরি করছেন। সবাই নিম্নআয়ের মানুষ। কেউ দিনমজুর কেউ মৎস্য শ্রমিক।

ঘূর্ণিঝড় মোরার আঘাতে টেকনাফে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেন্ট মার্টিন, সাবরাং ও সদর ইউনিয়ন। তিন ইউনিয়নই সমুদ্র উপকূলে।

গতকাল বেলা দেড়টায় সরেজমিনে সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় দেখা যায়, ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে গ্রামটি। গাছপালা, বসতবাড়ি ও পানের বরজ তছনছ হয়ে আছে। কাত হয়ে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি। ঘরের টিনের চাল উড়ে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন স্থানে। রাস্তার আশপাশেও বড় বড় গাছ উপড়ে পড়ে রয়েছে। কিছু লোকজন ঘরের চালায় পলিথিন বিছিয়ে সাময়িক সংস্কার করছেন।

একই চিত্র দেখা গেছে ইউনিয়নের ইসলামাবাদ, জাহালিয়াপাড়া, লম্বরী, লেঙ্গুরবিল, মহেশখালীয়াপাড়া, কচুবনিয়া, ডেইলপাড়া, গোদারবিল, শীলবনিয়াপাড়া এলাকায়ও।

এ সময় কথা হয় ইসলামাবাদ এলাকার বাসিন্দা নুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় হলেই ক্ষতির মুখে পড়ি আমরা। কোনোবারেই সরকারি ত্রাণ সহযোগিতা পায়নি। শুধু শুনি চাল ও টিন দেওয়া হচ্ছে, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেলে মেম্বারকে (ইউপি সদস্য) দেখিয়ে দেন। তাঁর কাছে (ইউপি সদস্য) গেলে তালিকায় নাম নেই বলে তাড়িয়ে দেন।’

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান মিয়া বলেন, মোরার আঘাতে তাঁর ইউনিয়নের সাড়ে তিন হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত ও কয়েক লাখ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের কাছ থেকে সাড়ে তিন মেট্রিকটন চাল পেয়েছেন। ক্ষতির অনুপাতে এ বরাদ্দ কম বলে তিনি মন্তব্য করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, উপজেলার ৬০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয় নেওয়ায় জানমালের তেমন ক্ষতি হয়নি। তবে সাড়ে ছয় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

ইউএনও জানান, ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৩ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে।

তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির পরিমাণ নিয়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের হিসাব দুরকম। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে টেকনাফ উপজেলায় আনুমানিক ১০ হাজারের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।