ঘুরে দাঁড়াতে চায় আবাসন খাত। মানুষের প্রত্যাশা, মধ্যবিত্তের নাগালের মধ্যে আসুক এই খাত। গঠন করা হোক সহজ শর্তের তহবিল। পাশাপাশি আইন মেনে চলুক সবাই। এসব নিয়েই এই আয়োজন
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়

আবাসন খাতের প্রতিষ্ঠান বেসিক বিল্ডার্সের ধানমন্ডিতে একটি প্রকল্প রয়েছে। বছর দুয়েক আগেও ক্রেতারা তা প্রতি বর্গফুট ১৬ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু তখন ওই দামে ফ্ল্যাট বিক্রি করেনি বেসিক বিল্ডার্স। প্রতিষ্ঠানটি এখন ১২ হাজার টাকায়ও ওই ফ্ল্যাট বিক্রি করতে পারছে না।
আরেক আবাসন প্রতিষ্ঠান ব্রিক ওয়ার্কস কয়েক বছর আগে রাজধানীর পল্লবীতে একটি নয়তলা ভবন তৈরি করেছে। এখনো ওই ভবনের পাঁচটি ফ্ল্যাট বিক্রি হয়নি। তিন বছর ধরে চেষ্টা করেও এই ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারেনি ব্রিক ওয়ার্কস।
এভাবে সারা দেশে ৩৩৮টি আবাসন প্রতিষ্ঠানের বর্তমানে ২২ হাজার ৫৭২টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। এসব ফ্ল্যাটের আনুমানিক মূল্য ২১ হাজার ৫০৬ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
এ তথ্য আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)। সংগঠনটি বলছে, সারা দেশে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান আছে এক হাজার ২১৬টি। সবগুলো আবাসন প্রতিষ্ঠানের অবিক্রীত ফ্ল্যাটের হিসাব নেই রিহ্যাবের কাছে। রিহ্যাবের ধারণা, সব মিলিয়ে এ সংখ্যা আনুমানিক ৪৫ থেকে ৫০ হাজার হতে পারে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিন বছর ধরেই আবাসন খাতে একধরনের মন্দা যাচ্ছে। গত বছরের পুরোটাজুড়েই দেশে রাজনৈতিক অস্থিরতায় এ খাত আরও নাজুক হয়ে গেছে। এতে ফ্ল্যাটের বেচাকেনা কমে গেছে। ব্যাংকের ঋণের কিস্তি পর্যন্ত শোধ করতে পারেনি আবাসন প্রতিষ্ঠানগুলো।
এখন রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিয়ে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান আবাসন ব্যবসায়ীরা। রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়ে ক্রেতারা বেশি ফ্ল্যাট কেনেন। এ বছর তা হয়নি। আশা করছি, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় ওই প্রবণতা এখন শুরু হবে। আবার সরকার আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ দিলেও গত বছর তাতে লাভ হয়নি। আগামী জুন পর্যন্ত এ সুযোগ আছে। ফলে ক্রেতারা এখন ফ্ল্যাট কিনতে আগ্রহী হবেন।’
বাড়ছে ঋণের বোঝা: আবাসন প্রতিষ্ঠান রাজা হোল্ডিং লিমিটেডের মোহাম্মদপুরে একটি আবাসন প্রকল্পের ইউনিট (ফ্ল্যাট) ১১টি। এর মধ্যে পাঁচটি বিক্রি হয়নি। একই প্রতিষ্ঠানের মিরপুরে আরেকটি প্রকল্পে ১০টি ফ্ল্যাটের মধ্যে বিক্রি হয়েছে মাত্র একটি।
আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটকে্র গত বছর বেশ কিছু ফ্ল্যাটের ক্রয়াদেশ বাতিল হয়েছে। সে কারণে গ্রাহকদের প্রচুর টাকা তাদের ফেরত দিতে হয়েছে। গত তিন বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ।
এই প্রতিষ্ঠানগুলোর মতো প্রায় দুই হাজার ৮০০ আবাসন প্রতিষ্ঠানের প্রায় একই অবস্থা চলছে। গত আট মাসে যৎসামান্য ফ্ল্যাট বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৩০ শতাংশ মূল্যছাড় দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করা যায়নি।
এই যে ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, এর একটা বড় কারণ হলো ফ্ল্যাটের দাম বেশি। এটা মানছেন আবাসন ব্যবসায়ীরাও। তাঁদেরই একজন বলেছেন, মোহাম্মদপুরের পেছনের দিকে ২০০০ সালে একটি ফ্ল্যাট প্রতি বর্গফুট ৯০০ থেকে এক হাজার ৫০০ টাকায় কেনা যেত। এখন কিনতে খরচ পড়ছে চার থেকে পাঁচ হাজার টাকা।
এ বিষয়ে জানতে কয়েকজন আবাসন প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। প্রত্যেকেই জানান, আগের তুলনায় তাঁদের নির্মাণ ব্যয় অনেক বেড়ে গেছে। একজন ব্যবসায়ী বলেন, এক বস্তা (৫০ কেজি) সিমেন্টের দাম ৪২৫ থেকে ৪৩০ টাকা।
আরেকজন আবাসন ব্যবসায়ী বলেন, সাধারণ অবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য পাঁচ টাকা দিতে হয়। কিন্তু ভবন নির্মাণকালীন প্রতি ইউনিটের বিল দিতে হয় ২৩ টাকা। এখন আবারও সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এভাবে ব্যবসা করা সম্ভব নয়।
আর ফ্ল্যাট বিক্রি না হওয়ায় বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা। রিহ্যাব বলছে, ৩৩৮টি আবাসন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে চার হাজার ১৮১ কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা ঋণ অপরিশোধিত রয়েছে। সবগুলো আবাসন প্রতিষ্ঠানের অপরিশোধিত ঋণের হিসাব করতে পারেনি রিহ্যাব। তবে সংগঠনটির ধারণা, এর পরিমাণ আনুমানিক ১৮ হাজার কোটি টাকা।
বিদ্যুৎ ও গ্যাস-সংযোগে ভোগান্তি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে বিদ্যুৎ-সংযোগ পেতে ভবনে সোলার প্যানেল স্থাপনের কথা বলা হয়। তবে তা বাধ্যতামূলক করা হয়নি। রিহ্যাবের অভিযোগ, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো সোলার প্যানেল স্থাপন না করলে নতুন বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না।
বিদ্যুৎ বিভাগ গত বছরের ডিসেম্বরে অভিযান চালিয়ে পাঁচটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের অধীনে ৪০৬ জন গ্রাহকের সোলার প্যানেল অপর্যাপ্ত বা অকার্যকর পায়। এর পরিপ্রেক্ষিতে এসব গ্রাহকের ২৬৯টি সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়। এর আগে আগস্টে পরিচালিত আরেক অভিযানে নিয়ম না মানা গ্রাহকের সংখ্যা ছিল ২৬১। এদের ২৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
আবার প্রায় এক বছর ধরে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হলেও আবাসন ব্যবসায়ীদের একটি বড় অংশই এখনো গ্যাসের সংযোগ পাননি। জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত তিতাস গ্যাস পাঁচ হাজার ৫২০টি চুলায় সংযোগ দিয়েছে।
রিহ্যাবের নেতারা গত ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলে কর্তৃপক্ষ কতটি আবাসন প্রতিষ্ঠান গ্যাস-সংযোগ পায়নি, তা জানাতে বলে। রিহ্যাব বলছে, এ পর্যন্ত ১০০টি আবাসন প্রতিষ্ঠান এ বিষয়ে সংগঠনে আবেদন করেছে। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিটির পাঁচ থেকে দশটি করে প্রকল্প রয়েছে।
বন্ধ ‘হাউজিং লোন’ তহবিল: ২০০৭ সাল থেকে আবাসন খাতের জন্য পর পর তিন বছর (প্রথম দুবার ৩০০ কোটি ও পরে ৫০০ কোটি টাকা) বিশেষ তহবিল দেয় সরকার। এই তহবিল থেকে ক্রেতারা এক হাজার ২০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট ক্রয়ে ৯ শতাংশ সুদে ঋণ পেতেন। কিন্তু এর পর থেকেই এ তহবিল বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রিহ্যাবের নেতারা ‘হাউজিং লোন’ নামে তিন হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছেন।
রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের এক অঙ্কের সুদে ঋণ দেওয়া গেলে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াবে। সে জন্য অবশ্যই আগের মতো বিশেষ তহবিল দরকার।’
নীরব চাঁদাবাজি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে আবাসন খাতে চাঁদাবাজির বিষয়টি তুলে ধরেন রিহ্যাবের নেতারা। বিষয়টি দেখার জন্য আলাদা একটি সেল গঠনের প্রস্তাব করেন তাঁরা।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন।
পশ্চাদ্মুখী শিল্পও নাজুক অবস্থায়: দেশে আবাসন খাতের সঙ্গে সম্পর্কিত রড, সিমেন্ট, কেব্লস ও ইলেকট্রিকওয়্যার, রং, টাইলস, স্যানিটারিসহ দুই শতাধিক পশ্চাদ্মুখী শিল্প গড়ে উঠেছে। আবাসন খাতের মন্দা নাজুক অবস্থায় ফেলে দিয়েছে এই শিল্প খাতগুলোতেও।
বাংলাদেশ পেইন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, গত দুই বছরে আট থেকে দশটি স্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পথে আছে আরও তিন-চারটি প্রতিষ্ঠান।
অবিক্রীত ফ্ল্যাট
৩৩৮টি আবাসন প্রতিষ্ঠানের বর্তমানে ২২ হাজার ৫৭২টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে।
আনুমানিক মূল্য
অবিক্রীত ফ্ল্যাটের আনুমানিক মূল্য ২১ হাজার ৫০৬ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
বিশেষ ঋণ তহবিল
হাউজিং লোন তহবিল থেকে ক্রেতারা ১২০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট ক্রয়ে ৯ শতাংশ সুদে ঋণ পেতেন। কিন্তু তা বন্ধ।