ঘুরে দাঁড়ালেন শিবু দাস
নির্ধারিত সময়ের পরে যাওয়ায় গত বছর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি শিবু দাস। এতে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে গেছেন। এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি ১২তম হয়েছেন।
ভর্তি হলেও দুশ্চিন্তা কাটেনি লালমনিরহাট সদর উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান শিবু দাসের। রংপুরে থাকা এবং পড়াশোনার খরচ চালানোর মতো সামর্থ্য নেই তাঁর পরিবারের। তাঁর বাবা মারা গেছেন ২০০৭ সালে। তাঁর বড় ভাই একটি দোকানে চাকরি করেন। তিনি যা বেতন পান তা দিয়ে তাঁদের সংসার চলে টেনেটুনে।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাস পাড়ার মৃত নিপেন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছেলে শিবু দাস। আট বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে তাঁর দুই পায়ের হাঁটুতে সমস্যা দেখা দেয়। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারেনি তাঁর পরিবার। গ্রাম্য চিকিৎসায় একসময় বাতজ্বর ভালো হলেও তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর। অভাব ও প্রতিবিন্ধত্বের সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছেন তিনি।
শিবু দাস ২০১২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৪ সালে এইচএসসিতে রংপুরের কাউনিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪ দশমিক ৯ পান। গত বছর তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারছিলেন না। এ নিয়ে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর প্রথম আলোতে ‘তাঁরা হার মানেননি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনেকেই তাঁকে সহায়তা করেন। তবে সহায়তা হিসাবে পাওয়া ১৩ হাজার টাকা যেদিন (গত বছরের ২৩ ডিসেম্বর) তিনি পান সেদিনই সেখানে ভর্তির শেষ দিন ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র ২৪ মিনিট পরে যাওয়ায় তিনি সেখানে ভর্তি হতে পারেননি।
চলতি বছরের ৫ মে শিবু দাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন। ওই ইউনিট থেকে তিনি মানবিক অনুষদের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ২৬ মে তিনি এখানে ভর্তি হন। এখানে ভর্তি হতে তাঁর নয় হাজার টাকা লেগেছে। গত বছর পাওয়া ১৩ হাজার টাকা থেকেই তিনি ওই টাকা ভর্তির জন্য দিয়েছেন।