ঘুরে বেড়াচ্ছে আসামি, নিরাপত্তাহীনতায় বাদী
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মেহরাব জামান (২৩) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ৯ নভেম্বর পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়ের করা মামলার বাদীপক্ষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাদীপক্ষের লোকজন বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য তারা মেহরাবের পরিবারকে হুমকি দিচ্ছে।
এদিকে হামলায় আহত মেহরাবের চেতনা এখনো পুরোপুরি ফিরে আসেনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৫ নভেম্বর উপজেলার মাটিভাংগা গ্রামের মেহরাব জামান একই উপজেলার ভাইজোড়া গ্রামের ডায়মন্ড আক্তারকে বিয়ে করেন। ছেলের পরিবার এই বিয়ে মেনে নিলেও ডায়মন্ডের পরিবার মেনে নেয়নি। ৭ নভেম্বর সন্ধ্যায় মেহরাব স্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যান। রাতে ওই বাসা থেকে ফেরার পথে ডায়মন্ডের ভাই ও শাঁখারীকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেনের লোক বেদার আলী কয়েকজন সন্ত্রাসী নিয়ে মেহরাবকে পেছন থেকে হামলা করে। লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহরাবকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মিরপুর সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র) চিকিৎসাধীন।
এ ঘটনায় ১৩ নভেম্বর মেহরাবের মা কামরুন নাহার বাদী হয়ে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ খালিদ হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বিচারক বাদীর নালিশি দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা নেওয়ার জন্য নাজিরপুর থানার ওসিকে নির্দেশ দেন।
কামরুন নাহার অভিযোগ করেন, আসামিপক্ষের লোকজন তাঁকে ও তাঁর দেবরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন।
প্রধান আসামি খালিদ হোসেনের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি। মামলার ৪ নম্বর আসামি বেদার আলী বলেন, ওই ঘটনার সময় তিনি অসুস্থ থাকায় বাড়িতে ছিলেন।
নাজিরপুর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলার বাদীকে হুমকির বিষয়ে কিছু জানি না। আসামিরা পলাতক রয়েছেন।’