ঘুষ, দুর্নীতি ও মাদককে ‘না’ বলতে আইনমন্ত্রীর আহ্বান
সমাজকে ঘুষ, দুর্নীতি, ধূমপান ও মাদকমুক্ত রাখতে এগুলোকে ‘না’ বলতে ও ঘৃণা করার উপদেশ দিতে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির জাতীয় মহাসমাবেশ-২০১২-এ প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ আহ্বান জানান।শফিক আহমেদ বলেন, সরকার নির্বাচনী ওয়াদা পূরণ করতে মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক কারণে কাউকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না।আইনমন্ত্রী বলেন, নিকাহ রেজিস্ট্রারদের অনেকেই তালাক সহজ করতে একটি ফরম স্বামীর দ্বারা পূরণ করে নোটিশ জারি করেন। ইসলামে তালাক ঘৃণিত কাজ। কেউ বিবাহ বিচ্ছেদের জন্য এলে স্ত্রী ও সন্তানের খোরপোষ, স্ত্রীর মোহরানা আদায় করেছেন কি না, তা দেখতে হবে। বিবাহ বিচ্ছেদকে সহজভাবে না নিয়ে বিচ্ছেদ যাতে না ঘটে, সেদিকে অধিক নজর রাখতে হবে। তিনি বলেন, নাবালিকার বিয়ে রেজিস্ট্রির জন্য নিকাহ রেজিস্ট্রারদের হয়রানির শিকার হতে হয়। এ থেকে মুক্তি পেতে জাতীয় পরিচয়পত্র বা অভিভাবকদের এফিডেভিট দেখে বয়স সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকার নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫-এর স্থলে ৬৭ বছর করার চিন্তা করছে। পিতার স্থলে ধর্মীয় ও বিবাহসম্পর্কিত জ্ঞানসম্পন্ন যোগ্য পুত্রদের নিকাহ রেজিস্ট্রার নিয়োগে বাধা নেই বলেও জানান তিনি।বিবাহ রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে ২০ টাকা এবং তালাকের ফি ১০০০ টাকা করার দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, বিবাহ রেজিস্ট্রেশন ফি বেশি হলে কাবিননামার মোহরানা কমানোর চেষ্টা হয়। এতে দরিদ্র পরিবারের কন্যাপক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজি মো. খলিলুর রহমান সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।