আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গতকাল রোববার দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক মুক্ত সংলাপে বক্তারা আশা প্রকাশ করেন, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন দূর করতে পারলে মাদকও বন্ধ হবে। এসব কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: ‘মাদক সেবন করতে করতে জীবনের শেষপ্রান্তে এসেছিলাম। নেশা করার টাকা জোগাড় করতে বউয়ের শাড়ি, গয়নাসহ সব আসবাব বিক্রি করেছি। নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছি। এত কিছুর পরও আমার স্ত্রী আমাকে ছেড়ে যায়নি। অসম্ভব কষ্ট আর যন্ত্রণা সহ্য করে স্ত্রীই আমাকে সুস্থ করে তোলে।’ মাদকের অভিশপ্ত জীবন থেকে পুনরায় আলোর পথে ফিরে আসা রংপুরের প্রকৌশলী হাফিজুর রহমান এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বললেন।দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্ত আলোচনায় অংশ নেন মলয় কিশোর ভট্টাচার্য, মফিজুল ইসলাম, শাহ আলম, আনোয়ারুল ইসলাম, মোখলেছুর রহমান, গুলশান আরা ইয়াছমীন, শান্ত নুরুন্নবী, জাবিদ হোসেন, সুধীর, কামরুজ্জামান, নাজমুল আলম, বন্ধুসভার নিশাত, আরেফীন, সত্যজিৎ ঘোষ প্রমুখ। কুড়িগ্রাম: সকাল নয়টায় কলেজ মোড়ে মানববন্ধন ও ১১টায় প্রেসক্লাবে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে যাঁরা কখনো মাদক গ্রহণ করেননি এমন ২০ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁরা হলেন—সামিউল হক, রাজু মোস্তাফিজ, আহসান হাবিব, আবদুল খালেক, ফজলে ইলাহী, মুকুল, কৃষ্ণন চন্দ্র, সেলিম সরকার, বায়েদ প্রমুখ। সংলাপে অংশ নেন শিক্ষার্থী মো. আশরাফুল, সেলিম সরকার, মনিরুজ্জামান, কুমকুম, সুইটি, আলো, শাহানারা বেগম, মোখলেছুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আবদুল খালেক, আহসান হাবীব, কৃষ্ণন চন্দ্র, আতিকুল ইসলাম, নুরুনবী খন্দকার, আবদুল হাই, মো. শাহাবুদ্দিন, সামিউল হক ও প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক সফি খান। আবদুল হাই বলেন, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন দূর করতে পারলে মাদকও বন্ধ হবে।রাজশাহী: নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মাদকবিরোধী মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চারঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওরা ১১ জন’-এর পক্ষ থেকে মাদকবিরোধী জারি পরিবেশন করা হয়। আলোচনায় অংশ নেন প্রভাষক নিতাই কুমার সাহা, বীর প্রতীক নূর হামীম, নাজমূল হক, সুলতানা ইশরাত জাহান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ প্রমুখ। বন্ধুসভার মনিরা রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।