ঘুষ ও রাজনৈতিক সম্পর্ক অতিদরিদ্র কৃষিশ্রমিকের প্রাপ্তির প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সভাপতি অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিদরিদ্র কৃষিশ্রমিকের প্রাপ্তি সমস্যা’ শিরোনামে মতবিনিময় সভায় খলীকুজ্জমান এ কথা বলেন। গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভার আয়োজন করে বেসরকারি সংস্থা কর্মজীবী নারী।সভায় খলীকুজ্জমান বলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের (চেয়ারম্যান, সদস্য) মানসিকতার পরিবর্তন আবশ্যক। এ ছাড়া কর্মসূচির তালিকা প্রণয়ন কমিটিতে অতিদরিদ্র কৃষিজীবী থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করলে এই সমস্যা নিরসন হতে পারে।কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, ‘অতিদরিদ্র কৃষিজীবীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করতে আমাদের সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে।’ সভায় কর্মজীবী নারীর দুটি উপজেলায় করা একটি জরিপ প্রকাশ করা হয়। কর্মজীবী নারীর নির্বাহী কমিটির সদস্য দিলনাশি মহসিন সভায় সভাপতিত্ব করেন।