ঘুষ গ্রহণের দায়ে এএসআইয়ের চার বছরের কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-অর-রশিদ চৌধুরীর চার বছরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ গোলাম হোসেন গতকাল বুধবার এ রায় দেন। এএসআই হারুন বর্তমানে জেলহাজতে রয়েছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ থানায় কর্তব্যরত অবস্থায় এএসআই হারুন বালি গ্রামের আবদুল হাশেমের একটি মামলার তদন্ত করতে ২০ হাজার টাকা ঘুষ নেন। পরে হাশেমকে মামলার ভয় দেখিয়ে তিনি আরও কয়েক দফায় টাকা নেন। এ অবস্থায় হাশেম দুদকের শরণাপন্ন হন। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জের একটি রেস্তোরাঁয় বসে হাশেমের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুদকের কর্মকর্তারা এএসআই হারুনকে আটক করেন।এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক আর কে মজুমদার মামলা করেন। তদন্ত শেষে এএসআই হারুনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আহসান আলী গত বছরের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল দুটি পৃথক ধারায় রায় দেন।