ঘুষ চাওয়ার অভিযোগে এক কর্মচারীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিদর্শন করেছেন। এক কর্মচারীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ পেয়ে তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালককে নির্দেশ দেন। পরে ওই কর্মচারীকে খাগড়াছড়িতে বদলি করা হয়।অধিদপ্তরের সূত্র জানায়, শিক্ষামন্ত্রী বেলা ১১টায় শিক্ষা ভবনে যান। তিনি প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। এ সময় তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও কর্মকর্তা-কর্মচারী এবং নানা সমস্যা নিয়ে আসা শিক্ষকসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে একজন শিক্ষক মন্ত্রীর কাছে এক কর্মচারীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। মন্ত্রী ওই শিক্ষককে নিয়ে কোড পরিবর্তন শাখার অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরুল ইসলামের কাছে যান। তিনি সামনাসামনি দুজনের সঙ্গে কথা বলে অভিযোগটি যাচাই করেন। এরপর ওই কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি মাউশির মহাপরিচালক নোমান উর রশীদকে নির্দেশ দেন।পরে ওই কর্মচারীকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির রানী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে মাউশির পরিচালককে (মাধ্যমিক) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই অধিদপ্তরের ইতিবাচক ভাবমূর্তি নিশ্চিত করতে হবে। অভিযোগ পেলে কাউকেই রেহাই দেওয়া হবে না। শিক্ষা ভবনে কোনো অযোগ্য, দুর্নীতিবাজ ও শিক্ষক ভোগান্তিকারী থাকতে পারবে না। পরে তিনি মহাপরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।স্বাক্ষর জালিয়াতির ঘটনায় বিদ্যালয়ের কর্মচারী চাকরিচ্যুত: শিক্ষামন্ত্রীসহ চারজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের স্বাক্ষর-সিল জাল করে বদলির জন্য চাপ সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জালাল উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মাউশি এক আদেশ জারি করে।