ঘুষ চাওয়ার অভিযোগে কারাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ চাওয়ার অভিযোগে গতকাল বুধবার চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল কাদেরের বিরুদ্ধে মো. হোসেন নামের এক ব্যক্তি মামলা করেছেন। গতকালই চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান অভিযোগ আমলে নিয়ে আগামী ১১ অক্টোবর অধিকতর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন।চট্টেশ্বরী রোড এলাকার বাসিন্দা মো. হোসেন কারাগারে অন্তরীণ থাকা একজন কয়েদির ভাই। মামলার আরজিতে বলা হয়, বাদীর বড় ভাই শেখ রেজোয়ান হোসেন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আছেন। সম্প্রতি রেজোয়ান তাঁর ভাই মো. হোসেনকে জানান, কারাধ্যক্ষ তাঁকে প্রায়ই মারধর করে টাকা চান এবং টাকা না দিলে তাঁকে অন্য কারাগারে স্থানান্তর করা হবে বলে হুমকি দেন।আরজিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রেজোয়ানের সঙ্গে দেখা করতে যান হোসেন। ওই দিন কারাধ্যক্ষ তাঁকে বলেন, ‘তোর ভাইকে চালানে (অন্য কারাগারে স্থানান্তর) পাঠিয়ে দেব। তবে আগামীকালের মধ্যে ১০ হাজার টাকা নিয়ে এলে পাঠাব না।’ হোসেন টাকা দিতে অস্বীকার করেন।আরজিতে আরও বলা হয়, ঘটনার পরদিন ২০ সেপ্টেম্বর হোসেন আবার কারাগারে যান। ওই দিন তিনি জানতে পারেন, তাঁর ভাই শেখ রেজোয়ানকে চালান দেওয়া হয়েছে।বাদীর কৌঁসুলি কামরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল কাদেরের দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। টাকা ছাড়া তিনি কিছুই বোঝেন না। তাই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, যাতে ঘটনাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে।’