ঘুষ চাওয়ার অভিযোগে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ঘুষ চাওয়ার অভিযোগে কুষ্টিয়ায় সিআইডি কর্মকর্তা আকিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা বিচারিক আদালত অভিযোগ আমলে নিয়ে গত বৃহস্পতিবার এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলায় রাহাত আলী হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে ওই মামলা করেন রাহাত আলীর ছেলে খায়রুল ইসলাম। উপজেলার কুমারগাড়া জিকে ক্যানেলের পাশে রাহাত আলীকে গত বছরের ২৩ মার্চ খুন করা হয়। ওই ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা করেন খায়রুল ইসলাম। পুলিশ মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে। সিআইডির পরিদর্শক আকিদুল ইসলাম গত ১৩ মার্চ রাহাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে মামলার বাদী খায়রুল ইসলামের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তুষ্ট করার জন্য তিনি এ অর্থ চান। ওই দিন বিকেলে আকিদুল ইসলাম ঘুষের টাকা নিতে খায়রুলের বাড়িতে গেলে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে আকিদুল ইসলাম হুমকি দেন, দুই লাখ টাকা না পেলে মামলার মূল আসামিদের বাদ দিয়ে বাদীর আত্মীয়স্বজন ও সাক্ষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ পরিদর্শক (সিআইডি) আকিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা আমার নামে মিথ্যা অপবাদ। আমি এই মামলার দায়িত্ব থেকে অব্যাহতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’