ঘুষ ছাড়া কাজ হয় না!
৩ মার্চ ২০১৬
সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) এ কে এম আবদুস সালাম: হ্যালো, কই তুমি?
সহকারী শিক্ষিকা: আমি স্কুলে আছি তো স্যার।
এটিইও: কি তোমার বেতন-টেতন হয়নি?
শিক্ষিকা: বেতন হয়েছে কি না, আমি জানি না তো এখনো।
এটিইও: স্যারোক (শিক্ষা কর্মকর্তা) কিছু দেওয়া লাগবে না।
শিক্ষিকা: ও আচ্ছা, মনে আছে তো ওটা। স্যার, কাগজপত্র কি পাঠানো হয়েছে?
এটিইও: কাগজপত্র পাঠানোর আগে দেওয়া লাগবি।
শিক্ষিকা: বলেছি তো দেব, কথা দিয়েছি যখন।
এটিইও: না না, দেব, হিসাব আলাদা। আগে না দিলে স্যার দেবে না তো। স্যারের সামনেই কথা বলতেছি।
শিক্ষিকা: কাগজপত্র পাঠিয়ে দেন। আমি আছি তো, আপনাদের স্কুলেই আছি তো, হারিয়ে যাইনি তো।
এটিইও: তুমি দেখা করবা না আজকা?
শিক্ষিকা: আজকেই?
এটিইও: হু।
শিক্ষিকা: আমি আজকে দেখা করলেও আজকে টাকা দিতে পারব না স্যার।
৬ মার্চ ২০১৬
এটিইও: তুমি দেখা করলা না?
শিক্ষিকা: আমি তো স্কুলেই আছি।
এটিইও: স্কুল থেকে কখন আসবা?
শিক্ষিকা: আচ্ছা, এখন কত টাকা নেবেন আপনি?
এটিইও: তোমাক তো আমি বলেই দিছি।
শিক্ষিকা: তারপরও আরও অনেকের কাছে শুনলাম তো।
এটিইও: তোমাক তো বলেই দিছি। তারপর তুমি সাক্ষাৎ করবা, কথা বলবা।
শিক্ষিকা: কোথায় কোথায় কত দিতে হয় একটু শুনতে পারি কি?
এটিইও: টিইও স্যার আমাক জানায় না যে।
শিক্ষিকা: টিইও স্যার কত চাচ্ছে?
এটিইও: আরে, তুমি আসো না। তোমাকে সাক্ষাতে বলে দেব।
উল্লিখিত দুটি কথোপকথন দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম সালাম এবং এক সহকারী শিক্ষিকার।
ওই সহকারী শিক্ষিকা প্রথম আলোকে বলেন, তিনি অন্য বিদ্যালয়ে বদলির বিষয়ে আবেদন করলে এ কে এম সালাম গত ২৯ ফেব্রুয়ারি তাঁকে (শিক্ষিকা) শিক্ষা কার্যালয়ে ডেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ৩ ও ৬ মার্চ মুঠোফোনে কল দিয়ে ঘুষের টাকার জন্য তাগাদা দেন।
বিরামপুর পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথোপকথনের কণ্ঠটি এটিইও সালামের বলে নিশ্চিত করেছেন। দিনাজপুরের বিরামপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষকের অভিযোগ, শিক্ষকদের ইনক্রিমেন্ট, টাইম স্কেল, বদলি, পদায়নসহ বিভিন্ন কাজে শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার ও এটিইও সালামকে ঘুষ না দিলে কোনো কাজ হয় না।
জোতবানী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, বিরামপুরে পৌর শহরের মধ্যে স্কুল ও দূরত্ব অনুযায়ী বদলিপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা এবং পৌরসভার বাইরে স্কুল ও দূরত্ব অনুযায়ী প্রতিটি বদলির জন্য ২০ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়।
কাটলা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ব্যাংকে ঋণসংক্রান্ত কাগজে স্বাক্ষরের জন্য শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার দুই হাজার টাকা ঘুষ দাবি করে থাকেন।
শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার ঘুষ দাবি এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।
জানতে চাইলে সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) এ কে এম আবদুস সালাম যে শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করছেন, সেই শিক্ষকদের তাঁর মুখোমুখি করে প্রমাণ দিতে বলেন।