ঘুষ ছাড়া কালীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদর থানায় ঘুষ ছাড়া মামলা রেকর্ড করা হয় না। শুধু তা-ই নয়, যেকোনো ভুক্তভোগী পুলিশের সাহায্য চাইতে থানায় গেলে তাঁকে উৎকোচ দিতে হয়। অন্যথায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন কোনো কাজ করেন না। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসির উপস্থিতিতেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদ সমশের এ অভিযোগ করেন।ইউএনও আনজুমান আরার সভাপতিত্বে সভায় ঝিনাইদহ-৪ আসনের (ঝিনাইদহ সদরের একাংশ ও কালীগঞ্জ) সাংসদ আবদুল মান্নান ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় রাশেদ সমশের বলেন, ২ জানুয়ারি নিত্যানন্দী গ্রামে তাঁরা একটি সালিসে গিয়েছিলেন। তাঁর সঙ্গে বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলীসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা ছিলেন। সালিস বৈঠক চলাকালে কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁদের তাড়া করে। তাঁরা পালিয়ে রক্ষা পেলেও সন্ত্রাসীরা তাঁর ভাগনে টিপুসহ চার-পাঁচজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওই দিনই তিনি থানায় মামলা করতে যান।