ঘুষ ছাড়া তিনি নড়েন না
বরগুনার পাথরঘাটা উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারক (সার্ভেয়ার) তাইয়ুবুর রহমান মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে জমিসংক্রান্ত কাজ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই সপ্তাহ ধরে তিনি অফিসে আসছেন না। এরই মধ্যে তাঁকে ঘুষ দেওয়া ব্যক্তিরা অভিযোগ নিয়ে আসছেন ভূমি কার্যালয়ে।কার্যালয়ের প্রধান সহকারী জসিম উদ্দিন বলেন, প্রতিদিন অনেক মানুষ এসে অভিযোগ দিচ্ছেন, তাঁরা তাইয়ুবুর রহমানের কাছে টাকা পাবেন। তাইয়ুব তিন দিনের ছুটি নিয়ে ১৪ দিন ধরে অফিসে না আসায় অভিযোগকারীদের সংখ্যাও বাড়ছে।পাথরঘাটা ভূমি কার্যালয় থেকে জানা গেছে, এই ভূমি কার্যালয়ে ২০১১ সালের ১ জুলাই তাইয়ুব যোগদান করেন। অভিযোগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যোগদান করার পর থেকেই তাইয়ুব লোকজনের কাছ থেকে টাকা নিয়ে জমিসংক্রান্ত কাজ করে দিতেন। সম্প্রতি বদলি হওয়া পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাদল চন্দ্র হালদারের সঙ্গে যোগসাজশ করে তিনি এ কাজ করতেন। পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা আবদুস ছালাম অভিযোগ করেন, জমিসংক্রান্ত একটি কাজ করে দেওয়ার জন্য তাইয়ুবকে তিনি এক লাখ টাকা দেন। কিন্তু তাইয়ুব তাঁর কাজ করে দেননি। তাঁর মতো কমপক্ষে অর্ধশত ব্যক্তির কাছ থেকে তাইয়ুব কমপক্ষে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি।পাথরঘাটার ব্যবসায়ী আবদুল কাদের বলেন, একটি কাজে তাইয়ুবকে তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পৌর শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, তিনি তৎকালীন ইউএনও বাদল চন্দ্রকে ৫০ হাজার টাকা ঘুষ দেন। কাজ না হওয়ায় ইউএনও বদলি হওয়ার আগে তাঁর টাকা ফেরত দিয়ে যান। সম্প্রতি ইউএনও বাদল চন্দ্র হালদারকে শাস্তিমূলকভাবে ভোলার একটি উপজেলায় বদলি করা হয়। পরে সেখান থেকে তাঁকে খুলনা বিভাগীয় কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাইয়ুব নিজে চেষ্টা চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বদলি হন। বাদল চন্দ্র হালদার তাইয়ুবের সঙ্গে যোগসাজশ করে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে কাজের বিনিময় টাকা নেওয়ার কথা স্বীকার করে তাইয়ুবুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘যাঁদের কাছ থেকে টাকা নিয়েছি, তাঁদের কাজ বুঝিয়ে দেব। অথবা তাদের টাকা দিয়ে দেব, তবে কিছুদিন সময় লাগবে।’সদ্য যোগদান করা পাথরঘাটার ইউএনও ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মুরশিদুল ইসলাম বলেন, ‘তাইয়ুবুর আমার কাছ থেকে তিন দিনের (২৩ থেকে ২৫ এপ্রিল) ছুটি নিয়েছে। এর পর থেকে সে আর অফিসে আসছে না। এরই মধ্যে তার বদলিও হয়েছে। তবুও সে রিলিজ নিতেও আসছে না।’