ঘুষ ছাড়া হয় না জমির নামজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে জমির নামজারি করতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন অজুহাত ও হয়রানির হুমকি দিয়ে এ অর্থ আদায় করা হচ্ছে। প্রতি মাসে নামজারি বাবদ লোকজনকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা বাড়তি দিতে হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমির নামজারির আবেদন থেকে শুরু করে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রশিদ) নেওয়া পর্যন্ত বিভিন্ন ধাপে ভূমি কর্মকর্তাদের দুই থেকে আড়াই হাজার টাকা দিতে হয়। তবে সরকার এ জন্য ২৪৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু অতিরিক্ত টাকা চলে যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। ভুক্তভোগীরা জানান, নামজারির আবেদন করার পর তার প্রতিস্বাক্ষরের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে কমপক্ষে এক হাজার টাকা দিতে হয়। তবে এ টাকা নেওয়া হলেও কোনো রসিদ দেওয়া হয় না। ওই পরিমাণ টাকা পাওয়ার পর তিনি প্রতিস্বাক্ষর করে তা ভূমি কার্যালয়ে পাঠান।
উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের দেলবর হোসেন অভিযোগ করেন, তাঁর কাছ থেকে প্রতিস্বাক্ষর বাবদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা এক হাজার টাকা নিয়েছেন। ভবানীগঞ্জে সালাউদ্দিনও একই অভিযোগ করেন। টাকা দিতে না চাইলে তাঁর কাজ দেরিতে হবে বলে হুমকি দেওয়া হয়। তবে ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তানভির আহমেদ এ পরিমাণ টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও সাড়ে ৪০০ টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তিনি।
এ ছাড়া সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষরের জন্য এক হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ের জমা সহকারী শহিদুল ইসলাম এ টাকা নেন। ভবানীগঞ্জের আবদুর রাজ্জাক মণ্ডল, সাইফুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করেন, তাঁরা নামজারির জন্য শহিদুলকে এ পরিমাণ টাকা দিয়েছেন। টাকা না দিলে কাগজে বিভিন্ন রকম সমস্যা ধরা হয়। তবে শহিদুল ইসলাম অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে চাননি।
ডিসিআর নিতে উপজেলা ভূমি কার্যালয়ের নাজিরকেও এক থেকে দেড় শ টাকা অতিরিক্ত দিতে হয়। তিনি ডিসিআর দেওয়ার কাজ করেন। চাম্পাকুড়ি গ্রামের হালিমা খাতুন অভিযোগ করেন, ডিসিআর নেওয়ার জন্য তাঁকে ৪৫০ টাকা পরিশোধ করতে হলেও তাঁকে দেওয়া হয়েছে ২৪৫ টাকার রসিদ। ৩১ ডিসেম্বর স্বাক্ষর করা ডিসিআর তিনি গত রোববার ৪৫০ টাকা দিয়ে নিয়েছেন।
তবে নাজির তাপস কুমার ডিসিআর দিতে অতিরিক্ত এক থেকে দেড় শ টাকা নেওয়ার বিষয়ে যুক্তি দিয়ে বলেন, এটা তাঁরা বগুড়া থেকে নিজ খরচে নিয়ে আসেন। তাই বেশি টাকা নেওয়া হয়।
জানা যায়, প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন শ নামজারি হয়। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা জমা সহকারী শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভূমি কার্যালয়ের দেওয়া তথ্য ও প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, প্রতি মাসে নামজারি বাবদ লোকজনকে অতিরিক্ত সাড়ে ছয় লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। জমির ৩০০ নামজারির বিষয়ে সরকার ৭৩ হাজার ৫০০ টাকা পেলেও লোকজনকে পরিশোধ করতে হচ্ছে সাড়ে সাত লাখ টাকা। অতিরিক্ত প্রায় ছয় লাখ ৭৬ হাজার টাকা ভূমি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে।
সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বাগমারার ইউএনও সাদেকুল ইসলাম জানান, এসব দুর্নীতির বিষয়ে খোঁজ নিয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।