ঘুষ দাবির অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার সহকারীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা গোপনীয় সহকারী মো. মহসীন আলীর বিরুদ্ধে বোদা উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী ও সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাঁকে অন্যত্র বদলি করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী মর্তুজা পর্যবেক্ষণ কার্ড নিতে গেলে মো. মহসীন আলী এক হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর তাঁকে ১০০ টাকা দেওয়া হলে তিনি তা ছুড়ে ফেলে দেন। পরে ২০০ টাকা দেওয়া হলে তিনি পর্যবেক্ষক কার্ড দেন।
বোদা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সাংবাদিক পর্যবেক্ষণ কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন তিনি। কিন্তু টাকা না দেওয়ায় মহসীন পাঁচজনের পর্যবেক্ষক কার্ড দেননি। নজরুল ইসলাম বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের নজরে আনেন। জেলা প্রশাসক মহসীনকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলির নির্দেশ দেন। এ ব্যাপারে নজরুল ইসলাম জেলা প্রশাসকের কাছে লিখিতভাবেও অভিযোগ করেছেন।
জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানান, তাঁকে তাৎক্ষণিক অন্যত্র বদলি করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে মো. মহসীন আলী বলেন, তিনি ঘুষ দাবি করেননি। খুশি হয়ে আলী মর্তুজা তাঁকে ২০০ টাকা দিয়েছেন।