ঘুষ দিয়ে সাগরে ইলিশ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বঙ্গোপসাগর ও দেশের সব নদ-নদীতে মাছ শিকার ১১ দিনের জন্য নিষিদ্ধ করা হলেও ট্রলারপ্রতি পাঁচ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়ে কয়েক হাজার ট্রলার সাগরে যাচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় একশ্রেণীর দালাল কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের নামে এসব অর্থ আদায় করেছে।

নাম প্রকাশ না করার শর্তে পাথরঘাটা উপজেলার একজন ট্রলারের মালিক জানান, নিষেধাজ্ঞা জারির পর তাঁর ট্রলারটিকে ঘাটে নোঙর করে রেখেছিলেন। কিন্তু অন্য ট্রলারগুলো ঘুষের বিনিময়ে সাগরে যাওয়ায় তিনিও চার দিন আগে ৩০ হাজার টাকা দিয়ে নিজের ট্রলারটিকে সাগরে পাঠিয়েছেন। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের কোনো ট্রলারই ঘাটে নেই। হাজারো ট্রলার এখন সাগরে মাছ ধরছে।

বরগুনার আরেক ট্রলারের মালিক বলেন, ‘২০ হাজার টাকা ঘুষ দিয়ে তিন দিন আগে ট্রলারটি সাগরে পাঠিয়েছি। কোনো মালিকই নিষেধাজ্ঞা মানছেন না। আমি কেন বসে থাকব?’

তালতলী উপজেলার সখিনা থেকে ১৪ অক্টোবর প্রায় ১৫০টি ট্রলার সাগরের উদ্দেশে   ছেড়ে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়   ট্রলারের মালিক কবির আকন অভিযোগ করেন, সখিনা কোস্টগার্ড ক্যাম্পের সোর্স সালাম হাওলাদার ও ইকবাল হোসেন কোস্টগার্ডের নামে ট্রলারপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা চাঁদা তুলে ট্রলারগুলোকে সাগরে যাওয়ার ব্যবস্থা করে দেন।

ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘অনেক ট্রলার ঘাট ছেড়ে গেছে। তবে কোথায় গেছে তা জানি না।’

কোস্টগার্ডের সখিনা ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এ ধরনের তথ্য নেই। মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রলারের মালিক ও জেলে জানান, নিষেধাজ্ঞা শুরুর দিন থেকে তালতলী ও পাথরঘাটা উপজেলার অন্তত ১৫টি খালে হাজার খানেক ট্রলার দাঁড়িয়ে ছিল। তবে প্রতিটি ট্রলার কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সোর্স ও লোকজনকে পাঁচ থেকে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে সাগরে যায়। পাথরঘাটায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের নামে এই টাকা নিয়েছেন কোস্টগার্ড ক্যাম্পের সামনের জুতার দোকানের মালিক জামাল হোসেন, তেল ব্যবসায়ী জাহাঙ্গীর সিকদার এবং সোর্স মামুন ও হারুন।

তবে জামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ শত্রুতা করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ট্রলারের মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আমিও শুনেছি। ’

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শহিদ আল হাসান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, জামালকে ক্যাম্পে আসতে নিষেধ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া কোস্টগার্ডের সোর্সদের বিশেষ নজরদারিতে রাখা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘অভিযোগ শুনেছি। তবে অভিযোগের সত্যতা মিলছে না। তা ছাড়া মৎস্য বিভাগের পক্ষে সাগরে গিয়ে ট্রলারগুলো আটকানোর মতো সামর্থ্য নেই। এ জন্য নৌবাহিনী ও কোস্টগার্ড সাগর মোহনায় যৌথ টহলে রয়েছে। নদ-নদীতে অভিযানের জন্য নয়টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।’