ঘুষ দুর্নীতির পাকচক্রে আরইবি
প্রায় এক দশক ধরে পল্লী বিদ্যুতের (আরইবি) ভাবমূর্তির অবনমন ঘটেছে। সংস্থার মালামাল ক্রয়ে দুর্নীতি, গ্রাহকসেবায় ঘুষ ও হয়রানির অভিযোগ সর্বত্র। এ থেকে আরইবিকে বের করে এনে ভাবমূর্তি পুনরুদ্ধারে সবাইকে সক্রিয় হতে তাগিদ দেওয়া হয়েছে। সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর (পবিস) মহাব্যবস্থাপকদের সভায় এ বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয় এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেতের পল্লী বিদ্যুৎ ভবনে দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়।সভার আলোচনার উদ্ধৃতি দিয়ে সূত্র জানায়, কয়েক বছর ধরে আরইবির উন্নয়নকাজ প্রায় বন্ধ রয়েছে। কিন্তু কেনাকাটা চলেছে। ফলে আরইবির গুদামগুলোতে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার মালামাল পড়ে আছে। এই পণ্য ব্যবহার করে ছয় মাসের মধ্যে ‘ডিপোজিট ওয়ার্ক’ (যেসব কাজের জন্য গ্রাহক নির্ধারিত ফি জমা দিয়ে রেখেছন) শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মহাব্যবস্থাপকদের। আরইবি সূত্র জানায়, ওই মালামাল কেনায় দুর্নীতি ছিল। উন্নয়ন প্রকল্প নেই এবং শিগগিরই কোনো প্রকল্প অনুমোদনের সম্ভাবনা নেই জেনেও বিভিন্ন সমিতিকে চাপ দিয়ে বিভিন্ন সময় ওই মালামাল কেনানো হয়েছে। বিনিময়ে সরবরাহকারীদের কাছ থেকে শীর্ষস্থানীয় ব্যক্তিরা সুযোগ-সুবিধা নিয়েছেন।সভায় বলা হয়, একসময় গ্রাহকসেবা, বিল আদায় ও পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) সীমিত রাখায় আরইবি ছিল আদর্শস্থানীয়। কিন্তু সে গৌরব এখন অতীত। আরইবির গ্রাহকসেবায় মানুষ এখন অতিষ্ঠ। অবৈধ লেনদেন ছাড়া কোনো কাজ হয় না। সারা দেশের ৭০টি সমিতির মধ্যে ২৫টিতে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। অভিযোগ আছে, এই চুরির সঙ্গে পবিসের লোক জড়িত। ৩৩টি পবিস বিল আদায়ে পিছিয়ে পড়েছে। সিস্টেম লস এখন ১৪ শতাংশের বেশি। অবশ্য এই উচ্চমাত্রার পদ্ধতিগত লোকসানের কারণ হিসেবে পুরোনো লাইন, ট্রান্সফরমার ও উপকেন্দ্রগুলোর ওপর ক্ষমতার চেয়ে বেশি চাপ পড়া (ওভারলোডেড) প্রভৃতিও দায়ী বলে সভায় উল্লেখ করা হয়। তবে আগামী আড়াই বছরের (২০১৪ সালের জুন মাস) মধ্যে পদ্ধতিগত লোকসান ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সভায়। মহাব্যবস্থাপকেরা সভায় বলেন, তাঁরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় অনেক জটিল পরিস্থিতির মুখে পড়েন। অনেক সমস্যার সৃষ্টি হয় সেখান থেকে। এ ব্যাপারে সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাঁদের পরামর্শ দিয়েছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কথা অনবরত বলে যেতে হবে। মোট উৎপাদিত বিদ্যুতের যেটুকু হিস্যা আরইবির পাওয়ার কথা, তা আদায়ের জন্য চাপ দিয়ে যেতে হবে।গতকাল সকালে দিনব্যাপী ওই সভার সূচনা অনুষ্ঠানের পর বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করেন। ১ জানুয়ারি আরইবি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া চুক্তির আলোকে আরইবির করণীয় সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা হয়। বলা হয়, যে সমিতি ওই চুক্তি অনুযায়ী কাজ করতে সক্ষম হবে, তারা পুরস্কৃত হবে। আর যারা পারবে না, তাদের তিরস্কার করা হবে।অপরাহ্নে সভায় যোগ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। ওই সভায় আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন সংস্থার বিদ্যমান সার্বিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী আরইবির অতীত ভাবমূর্তি পুনরুদ্ধারে সবাইকে কাজ করার আহ্বান জানান।