ঘুষ দেওয়ার জন্য কানাডায় আরও তিনজন অভিযুক্ত
পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাওয়ার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ তিনজনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ-আরসিএমপি)।অভিযুক্ত ব্যক্তিরা হলেন এসএনসি-লাভালিনের জ্যেষ্ঠ নির্বাহী কেভিন ওয়ালেস, কানাডার
নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া ও বাংলাদেশের আবুল হাসান চৌধুরী।
কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল, দ্য প্রভিন্স-এর গতকালের অনলাইন সংস্করণে বলা হয়েছে, কানাডার ‘বিদেশে ঘুষ প্রদান আইন’ (ফরেন ব্রাইবারি ল) অনুযায়ী কেভিন ওয়ালেসসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে গত মঙ্গলবার কেভিন ওয়ালেসকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।
এসএনসি-লাভালিনের আরও দুই সাবেক কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের অভিযোগের বিষয়ে তদন্ত করছে আরসিএমপি।
ওই সংবাদ প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজের দরপত্রের বিষয়টি দেখাশোনার দায়িত্ব ছিল কেভিনের।