ঘুষ না দিতে মাইকিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে কাউকে টাকাপয়সা ঘুষ না দিতে মাইকিং করা হয়েছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে এ মাইকিং করা হয়।

আক্কেলপুর আঞ্চলিক পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি অর্থে ঘরে ঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ-সংযোগ পেতে কাউকে কোনো টাকাপয়সা খরচ করতে হবে না। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও এলাকার দালালেরা বিদ্যুৎ-সংযোগ, খুঁটি, তার কেনার নাম দিয়ে বিদ্যুৎ-প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এতে পল্লী বিদ্যুৎ সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে কাউকে ঘুষ না দিতে মাইকিং করে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে মাইকিং করা হয়েছে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না শর্তে প্রথম আলোকে বলেন, একজন বৈদ্যুতিক মিস্ত্রি বিদ্যুৎ-সংযোগ, খুঁটি ও তার কেনার নাম করে বিদ্যুৎ-প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ আদায় করেছেন। এ ব্যাপারে লোকজন তাঁর বিরুদ্ধে ডিজিএমের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াকুব আলী আকন্দ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে কাউকে ঘুষ না দিতে মাইকিং করা হয়েছে। একজন বৈদ্যুতিক মিস্ত্রির বিরুদ্ধে ঘুষ নেওয়ার মৌখিক অভিযোগ এসেছে। তবে কেউ তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেননি।