ঘুষ না দিলে মেলে না অনুমতিপত্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাভার কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য চলছে। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, এখানে হয়রানির সীমা নেই। ঘুষ ছাড়া মেলে না যানবাহন চালানোর কোনো অনুমতিপত্র (লাইসেন্স)।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, লোকজনের ভিড়। সহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলছে। তাঁর কক্ষের বাইরে একটি টেবিলে অনুমতিপত্রের জন্য আসা লোকজনকে ফরম পূরণ করে দিচ্ছেন এক তরুণ। অপর একটি কক্ষে বসে কম্পিউটারে কাজ করছেন আরেক তরুণ। ওই কক্ষেই কাজ করছিলেন উচ্চমান সহকারী মতিউর রহমান। তিনি ছাড়া দাপ্তরিক এসব কাজের সঙ্গে যুক্ত সবাই বহিরাগত, যাঁদের দালাল হিসেবেই জানেন ভুক্তভোগীরা।
পরিচয় জানার চেষ্টা করতেই বহিরাগত ব্যক্তিরা কৌশলে লোকজনের ভিড়ে হারিয়ে যান। পরে আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি। এ সময় বেশ কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, তাঁরা যানবাহন চালানোর অনুমতিপত্রের জন্য এখানে এসেছেন।
ময়মনসিংহের ত্রিশালের অলহরি গ্রামের আবদুল আল মামুন বলেন, বেশ কয়েক মাস ঘুরেও তিনি হালকা যান ও মোটরসাইকেল চালানোর অনুমতিপত্র পাননি। এরপর বাবু নামের এক দালালকে সাত হাজার টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি এসব যানবাহন চালানোর সাময়িক অনুমতিপত্র পান।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্চমান সহকারী মতিউর রহমান বলেন, ‘এসব দালালদের কাজ। আমরা এসবের সঙ্গে যুক্ত নই।’
সরকারি দপ্তরের ভেতরে বহিরাগত ব্যক্তিদের সরকারি কাজে হস্তক্ষেপের বিষয়ে মতিউর রহমান বলেন, ‘এই দপ্তরটি দালালদের কাছে জিম্মি। আমাদের পক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না।’
যোগাযোগ করা হলে সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, দালালদের অত্যাচার আর লোকবলের অভাবে সাভার কার্যালয়ের কার্যক্রম প্রায় গুটিয়ে ফেলা হয়েছে। আবেদন গ্রহণ ও লাইসেন্স সরবরাহ ছাড়া এ দপ্তরের আর কোনো কার্যক্রম নেই।