ঘুষ না দিলে হয়রানি!
বরিশাল পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে পুলিশ প্রতিবেদন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষ না দিলে তাঁরা মানুষকে নানাভাবে হয়রানি করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।ওই দুই কর্মকর্তা হলেন পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) বরিশাল কার্যালয়ের অধীনে গৌরনদীতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম ও মো. শাহজালাল।গৌরনদী থানা সূত্রে জানা গেছে, সাধারণত পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যাঁরা আবেদন করেন, তাঁদের পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হয়। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আবেদনকারীর নাম-ঠিকানা সঠিক আছে কি না এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না—তা যাচাই করে প্রতিবেদন দেন। গৌরনদী উপজেলার দায়িত্বে আছেন রফিকুল ইসলাম ও শাহজালাল।গৌরনদীর গেরাকুল গ্রামের ঝর্না অভিযোগ করেন, তিনি পাসপোর্টের জন্য বরিশাল পাসপোর্ট কার্যালয়ে আবেদন করেন। পরে প্রতিবেদনের জন্য এএসআই শাহজালাল তাঁর কাছে এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার হুমকি দেন। পরে তিনি তাঁকে এক হাজার টাকা পরিশোধ করেন।দিয়াশুর গ্রামের বাসিন্দা মাদ্রাসার ছাত্র মো. খায়রুল ইসলাম অভিযোগ করেন, ‘রিপোর্ট প্রদানের নামে আমার কাছে রফিকুল ইসলাম এক হাজার টাকা দাবি করেন। না দেওয়ায় তিনি আমাকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ভয় দেখান। পরে টাকা পরিশোধ করতে আমি বাধ্য হয়েছি।’এএসআই মো. রফিকুল ইসলাম বলেন, টাকার জন্য হয়রানি করা হয় এ কথা ঠিক নয়। একাধিকবার চেষ্টা করেও এএসআই শাহজালালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।ডিএসবির বরিশাল জেলা পর্যায়ের পরিদর্শক (ডিআইও-১) মো. রফিকুল ইসলাম বলেন, ওই দুই এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।