ঘুষ না দেওয়ায় পাওনাবঞ্চিত?
ঘুষ না পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক মহাব্যবস্থাপক (জিএম) অপর এক কর্মকর্তাকে তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি চাকরি ছেড়ে দেওয়া তাঈদ উদ্দিন নামের ওই কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত জিএমের নাম একরামুল হক। তিনি বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত।
তাঈদ উদ্দিন অভিযোগ করেন, তিনি রাকাবে ১৩ বছর আট মাস চাকরি করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে গত বছরের ২৫ মার্চ তিনি ইস্তফাপত্র দেন। ব্যাংকের প্রবিধান অনুযায়ী আনুতোষিক ও ছুটি নগদায়নের জন্য আবেদন করেন। হিসাব অনুযায়ী এ দুই খাতে তাঁর সাড়ে পাঁচ লাখ টাকা পাওনা হয়। তিনি গত বছরের ১১ জুলাই ওই পাওনার জন্য ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) বরাবর আবেদন করেন। প্রশাসন থেকে এ বিষয়ে আইন বিভাগের মতামত চাওয়া হয়। আইন বিভাগ তাঈদ উদ্দিনের পক্ষে মতামত দিয়ে চিঠি দেন।
ওই পাওনা ছাড় করার জন্য গেলে তাঈদ উদ্দিনের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন তৎকালীন জিএম (প্রশাসন) একরামুল হক। ঘুষ না দেওয়ায় তিনি তাঁর বিপক্ষে মতামত দিয়ে নথিটি ফের আইন বিভাগে পাঠান। আইন বিভাগ আবারও তাঁর পক্ষে মতামত দেয়। এই মতামত গোপন করে একরামুল পুনরায় নথিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। এতে তাঈদ উদ্দিন তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন।
আবেদন পেয়ে গত ২৭ মে দুদক অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। ওই বিভাগ আবার রাকাবকে তদন্তের দায়িত্ব দেয়। এরপর উপব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়। গত ১৯ সেপ্টেম্বর তাঈদকে নোটিশ দিয়ে বিষয়টি জানানো হয়।
জিএম একরামুল হক দাবি করেন, ঘুষ চাওয়ার অভিযোগটি একেবারে মিথ্যা ও বানোয়াট। এটা ব্যাংকের সম্মিলিত সিদ্ধান্ত। তাঁর একার পক্ষে কিছু করার নেই। তাঈদের পক্ষে আইন বিভাগের মতামত পাওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আইনের বিষয়ে ভিন্নমত থাকতেই পারে। এ জন্য তিনি দুদকে গেছেন। তদন্তে তিনি টাকা পাওয়ার যোগ্য হলে অবশ্যই তা পাবেন।