ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের যুবক সাখাওয়াত হোসেন ওরফে সাকীকে গত বৃহস্পতিবার বিকেলে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, অস্ত্র উদ্ধার করে অস্ত্র আইনে শুক্রবার ভোরে তাঁর বিরুদ্ধে কয়রা থানায় মামলা করা হয়েছে। তবে সাখাওয়াতের পরিবার অভিযোগ করেছে, বৃহস্পতিবার নয়, মঙ্গলবার রাতে তাঁকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ চায় পুলিশ। কিন্তু টাকা না দেওয়ায় আটকের ৫২ ঘণ্টা পর তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নিশিকান্ত সরকার শুক্রবার ভোরে কয়রা থানায় সাকীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, সাকীকে গত বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া খর্নিয়া এলাকা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবি পুলিশ কার্যালয়ে আনা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার রাতে কয়রা উপজেলার ৪ নম্বর লঞ্চঘাটের বিপরীতে সুন্দরবনের ভেতর অভিযান চালানো হয়। এ সময় একটি খালের পাশে কেওড়া গাছের গোড়ার মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি দেশে তৈরি পাইপগান ও চারটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।মামলায় উল্লেখ করা হয়েছে, সাকী ভারতে সন্ত্রাসীর গুলিতে নিহত চরমপন্থী নেতা মৃণালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃণাল মারা যাওয়ার পর তিনি সুন্দরবনের বনদস্যু রাজু, মোজাম ও এখলাস বাহিনীর সঙ্গে কাজ শুরু করেন। রাজু বাহিনীর সঙ্গে তিনি অনেকবার সুন্দরবনে ডাকাতি ও জেলেদের অপহরণ করেন।তবে সাকীর বাবা আ. সোবহান মোল্লা জানান, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে সাত-আটজন লোক তাঁদের বাড়িতে আসেন। তাঁরা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাকীকে সঙ্গে নিয়ে চলে যান। বুধবার সকালে তাঁদের ডুমুরিয়া থানায় যেতে বলা হয়। কিন্তু সকালে থানায় গিয়ে সাকীকে পাওয়া যায়নি।সাকীর চাচাতো ভাই মাছ ব্যবসায়ী রুহুল আমীন জানান, বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে তাঁর কয়েক দফা কথা হয়। সাকীকে ছাড়িয়ে আনার জন্য ওই কর্মকর্তা তাঁকে ডিবি অফিসে যেতে বলেন। ওই দিন সন্ধ্যায় সাকীর বাবা, ভাই ও আরও কয়েকজন মিলে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে যান। এ সময় ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান সাকীকে ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাঁরা টাকা না দিয়ে ফিরে আসেন।গতকাল দুপুরে প্রথম আলোর কয়রা প্রতিনিধি কয়রা থানাহাজতে সাকীর সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশের উপস্থিতিতে সাকী বলেন, ‘মঙ্গলবার রাতে আটকের পর আমাকে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির হাজতে নিয়ে রাখা হয়। সেখানে দুই দিন রাখার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে আমাকে কয়রা থানায় এনে হাজতে রাখে। আজ (শুক্রবার) সকালে জানতে পেরেছি, অস্ত্র আইনে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ তবে কয়রা থানার উপপরিদর্শক শেখ শাজাহান জানান, গোয়েন্দা পুলিশ শুক্রবার ভোর রাতে সাকীকে অস্ত্র ও গুলিসহ থানায় নিয়ে আসে। এরপর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা থানার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অস্ত্র ও গুলির জব্দ তালিকায় যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁরা কেউ এজাহারে উল্লিখিত অস্ত্র উদ্ধারের স্থানে উপস্থিত ছিলেন না। তাঁরা থানায় বসে জব্দ তালিকায় স্বাক্ষর করেছেন। এটি একটি সাজানো ঘটনা। তবে মামলার বাদী নিশিকান্ত সরকার জানান, গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানের সময় উভয় স্থানে তিনি উপস্থিত ছিলেন। সাকীর দেখানো স্থান থেকেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।ডিবির এএসআই মোস্তাফিজুর রহমান স্বীকার করেছেন, সাকীর পরিবারের লোকজন তাঁর কাছে গিয়েছিলেন। তবে তাঁদের কাছে টাকা চাওয়া হয়নি।’খুলনার পুলিশ সুপার মো. সামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে বলে জানি। অর্থ দাবি বা ৫২ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখার বিষয়ে আমার জানা নেই।’