ঘুষ না দেওয়ায় ফেরত গেল বরাদ্দের টাকা!
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া নয় লাখ ৭৫ হাজার ১০১ টাকা ফেরত গেছে। কাজ করলেও উপজেলা প্রকৌশলীকে ঘুষ না দেওয়ায় এ টাকা ফেরত গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে প্রধান শিক্ষকদের পকেট থেকে ওই টাকা গচ্চা দিতে হচ্ছে, তবে প্রকৌশলী এই অভিযোগ অস্বীকার করেছেন।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কারকাজ করার জন্য ২০১০-১১ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-২ (পিইডিপি-২) ২৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা বরাদ্দ দেয়। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ওই সংস্কারকাজ সম্পন্ন করার কথা। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তদারকি কর্মকর্তা হিসেবে কাজের তত্ত্বাবধান করবেন। পরে উপজেলা প্রকৌশলীর প্রত্যয়নপত্রের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিল দেবেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া পৃথক দুটি লিখিত অভিযোগ থেকে জানা গেছে, প্রধান শিক্ষকেরা বিধি অনুযায়ী কাজ সম্পন্ন করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিল জমা দেন, কিন্তু উপজেলা প্রকৌশলী শতভাগ কাজ হয়েছে মর্মে প্রত্যয়নপত্রের জন্য প্রতিটি বিদ্যালয়ের কাছ থেকে ২০ হাজার টাকা করে চান। শিক্ষকেরা তা দিতে অস্বীকৃতি জানালে উপজেলা প্রকৌশলী বরাদ্দের কম টাকার কাজ হয়েছে মর্মে প্রত্যয়নপত্র দেন।প্রধান শিক্ষক ও সভাপতিরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত কাজের চাহিদা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে জমা দেওয়া হয়, কিন্তু উপজেলা প্রকৌশলী ওই চাহিদা অনুসরণ না করে তাঁর মনগড়া একটি প্রাক্কলন তাঁদের হাতে ধরিয়ে দেন। তাঁরা এ ব্যাপারে তাৎক্ষণিক আপত্তি করলে বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী তাঁদের মৌখিকভাবে পরামর্শ দেন। এখন বলছেন, প্রাক্কলন অনুযায়ী কাজ হয়নি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীর প্রত্যয়নের ভিত্তিতে বিল দেওয়া হয়েছে।উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নামকাওয়াস্তে কাজ করে বরাদ্দের পুরো টাকা দিয়ে দিতে প্রধান শিক্ষকেরা আমাকে এক লাখ টাকা ঘুষ দিতে চাইলে আমি তা প্রত্যাখ্যান করি।’ইউএনও মো. মোজ্জাম্মেল হক জানান, শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।