ঘুষ না দেওয়ায় বিদ্যুতের লাইন দেওয়ার কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ ও ৫ নম্বর চরের নতুনপাড়া গ্রামে কৃষকদের সেচের বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজ বন্ধ রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক সংগঠনের (সিবিএ) নেতাদের ঘুষ না দেওয়ায় এ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ বন্ধের প্রতিবাদে গতকাল রোববার ৫ নম্বর চরের নতুনপাড়া গ্রামে ধানের মাঠে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন করেন কৃষকেরা। পরে বিক্ষোভ মিছিল হয়। এতে ৪ ও ৫ নম্বর চরের নতুনপাড়া গ্রামের দুই শতাধিক কৃষক অংশ নেন।
কয়েকজন কৃষক বলেন, ৫ নম্বর চরের নতুনপাড়ায় ৫০ জন ও ৪ নম্বর চরের নতুনপাড়া গ্রামে ৪৫০ জন কৃষকের প্রায় দুই হাজার একর কৃষিজমি রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনের মাধ্যমে সেচ দিয়ে বোরো চাষ করে আসছিলেন। কৃষকেরা ২০১৪ সালে পিডিবির বিদ্যুতের লাইনের জন্য আবেদন করেন। চলতি বছর ১২ জানুয়ারি এ গ্রামে বিদ্যুতের লাইনের সম্প্রসারণ কাজের অনুমোদন পায়। ১৮ জানুয়ারি পিডিবির লোকজন লাইন সম্প্রসারণের কাজ শুরু করেন। ২২ জানুয়ারি খুঁটি বসানোর কাজ চলার সময় জামালপুরের বিদ্যুৎ শ্রমিক সংগঠনের (সিবিএ) সাধারণ সম্পাদক সাদা মিয়াসহ কয়েকজন এ গ্রামে আসেন। তাঁরা লাইন সম্প্রসারণের জন্য কৃষকদের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। কৃষকেরা তা দিতে না পারায় ওই নেতারা প্রভাব খাটিয়ে কাজ বন্ধ করে দেন।
৪ নম্বর চরের নতুনপাড়া গ্রামের ইসমাইল হোসেন বলেন, ‘শ্যালো ইঞ্জিনের মাধ্যমে সেচ দেওয়ায় আমরা কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত। প্রত্যেক বছর ডিজেল কিনতে পুঁজি শেষ হয়ে যায়। এতে বোরো মৌসুমে কৃষকেরা লোকসানের মুখে পড়েন। অনেক কষ্টে পিডিবির বিদ্যুৎ লাইন অনুমোদন পেয়েছি। এবার লাইন না পেলে পাঁচ শতাধিক কৃষক বোরো আবাদ করতে পারবেন না। এর মধ্যে সাদা মিয়া ও তাঁর লোকজন এসে ঘুষ না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।’
জামালপুরের বিদ্যুৎ শ্রমিক সংগঠনের (সিবিএ) সাধারণ সম্পাদক সাদা মিয়া বলেন, ‘ওই গ্রামে বিদ্যুতের লাইন সংস্কারের কথা ছিল। কিন্তু সেখানে লাইন সম্প্রসারণ চলছে। বিষয়টি শুনে আমরা পরিদর্শন করেছি মাত্র। ঘুষ দাবি করিনি। তবে একটি নতুন লাইন সম্প্রসারণের জন্য আগে দরপত্র আহ্বান করা হয়। কোনো নিয়ম না মেনে ওই বিদ্যুৎ লাইন অবৈধভাবে দেওয়া হচ্ছে।’
জামালপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-পিডিবি) এস এম ইকবাল বলেন, ‘সব নিয়ম মেনে ওই গ্রামে বিদ্যুতের লাইনের সম্প্রসারণকাজ শুরু হয়েছে। এটি বিশেষ প্রকল্প হওয়ায় দরপত্রের প্রয়োজন নেই। শুনেছি সিবিএর নেতারা ওই গ্রামের কৃষকদের কাছে তিন লাখ টাকা চেয়েছেন। তাঁরা ওই টাকা না পেয়ে কাজ বন্ধের জন্য আমার কাছে চাপ সৃষ্টি করেন। তাঁদের চাপের মুখে কাজ এখন বন্ধ রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’