ঘুষ না দেওয়ায় বিলম্ব!
আদালতের নির্দেশ থাকার পরও ঘুষ না দেওয়ায় পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা আবুল বশারের ছেলে মো. গালিব বলেন, সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করেছে। কিন্তু সাড়ে তিন মাস অতিবাহিত হলেও ওসিকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে না পারায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আদালতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, গালিব এশিয়া ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বাউফলে কর্মরত। চাঁদা না দেওয়ায় মামলার আসামি শফি ২০১৩ সালের ২৭ অক্টোবর কালাইয়া বন্দরের কাছে শফি তাঁর লোকজন নিয়ে গালিবকে কুপিয়ে জখম করেন।
গালিব অভিযোগ করেন, এ ঘটনায় একাধিকবার থানায় মামলা করতে গেলে তাঁর এবং তাঁর ভাইয়ের কাছে ওসি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারায় মামলা নেওয়া হয়নি। নিরুপায় হয়ে ২০১৩ সালের ১৪ নভেম্বর গালিব পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। আদালত ভুক্তভোগীর (বাদীর) চিকিৎসা সনদ সংগ্রহ করে প্রযোজ্য ধারায় এজাহার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানার ওসিকে ওই দিনই নির্দেশ দেন। কিন্তু ওসিকে ঘুষ না দেওয়ায় চিকিৎসা সনদ সংগ্রহে সময়ক্ষেপণ করা হয়। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি চিকিৎসা সনদ থানায় পৌঁছালেও মামলা গ্রহণ করা হচ্ছে না। অভিযোগ অস্বীকার করে শফি হাওলাদার বলেন, ‘কে বা কারা কুপিয়ে আহত করেছে, তা তিনি জানেন না।’
ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, দুই দিন আগে (গত বৃহস্পতিবার) চিকিৎসা সনদ সংগ্রহ করা হয়েছে। শিগগিরই মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান বলেন, ‘চিকিৎসা সনদ পাওয়ামাত্র মামলা রুজু করতে হবে। বিষয়টি আমি দেখব।’