ঘুষ না পেয়ে ব্যবসায়ীসহ তিনজনকে পেটাল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় দুই ব্যবসায়ীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ঘুষ চেয়ে না পাওয়ায় সিঙ্গাইর থানার দুজন উপপরিদর্শক (এসআই) ও কয়েকজন কনস্টেবল গত শনিবার রাতে তাঁদের পিটিয়ে আহত করেন।আহতদের মধ্যে দুজনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাইর থানার পুলিশ এ ঘটনা ধামাচাপা দিতে আহত ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের চাপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাইরের বিন্নাডাঙ্গি গ্রামের সবজি ব্যবসায়ী হারুন অর রশিদ (৩৮) ও এখলাস উদ্দিন (৩২) গত শনিবার রাতে সিঙ্গাইর থেকে সবজি কিনে নিজেদের পিকআপ ভ্যানে করে রাজধানীর মিরপুরে যাচ্ছিলেন।হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী হারুনের ভাষ্যমতে, রাত ১০টার দিকে ধল্লা এলাকার শহীদ রফিক সেতুর কাছের পুলিশ চৌকিতে পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ পিকআপ থামানোর সংকেত দেন। পিকআপ থামালে এসআই আদিল মাহমুদ তাঁকে পিকআপ থেকে নামতে বলেন।হারুন অভিযোগ করেন, নামতে বলার কারণ জানতে চাইলে এসআই আদিল খেপে গিয়ে তাঁকে কিল, ঘুষি ও থাপড় মারেন। একপর্যায়ে এসআই রণজিৎ কুমার দাসও এসআই আদিলের সঙ্গে যোগ দেন। দুই এসআই মিলে ব্যবসায়ী এখলাস, চালক শাহীনুর রহমান ও হারুনকে পিকআপ থেকে জোর করে নামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখালে তা সঠিক নয় উল্লেখ করে দুই এসআই পিকআপটি থানায় নিয়ে যেতে চান। একপর্যায়ে এসআই রণজিৎ পিকআপ ছেড়ে দেওয়ার বিনিময়ে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন।এখলাস জানান, পিকআপের মালিক ব্যবসায়ী হারুন ঘুষ দিতে অপারগতা প্রকাশ করে কাগজপত্রের ত্রুটি থাকলে আইন অনুযায়ী মামলা করে পিকআপ ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি অভিযোগ করেন, এ সময় পুলিশের কর্মকর্তারা অকথ্য গালিগালাজ করতে থাকেন। বিষয়টি মুঠোফোনে এলাকার প্রভাবশালীদের জানানোর চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে এসআই রণজিৎ ও আদিল সঙ্গে থাকা চার কনস্টেবলকে নিয়ে তাঁদের কিল, ঘুষি, লাথি ও চড়-থাপড় মারতে থাকেন। একপর্যায়ে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে স্থানীয় লোকজন রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা শান্ত হয়। পুলিশ হারুন ও শাহীনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এখলাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।হাসপাতালে ব্যবসায়ী হারুনের মাথা ও বাঁ হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। এখলাস ও শাহীনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনেরই শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণের বিষয়টি বোঝা যায়।ব্যবসায়ী হারুনের ভাতিজা মোবারক হোসেন অভিযোগ করেন, এ ঘটনা ধামাচাপা দিতে পুলিশ তাঁদের নানাভাবে চাপ দিচ্ছে। সাংবাদিকদের কাছে মুখ না খোলার জন্যও ভয় দেখানো হচ্ছে। তিনি জানান, এর পরও তাঁরা মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করবেন।ওই পরিবারের সদস্যসহ এলাকাবাসী ও যানবাহনের শ্রমিকেরা অভিযোগ করেন, পুলিশ ওই চৌকিতে যানবাহন থামিয়ে নিয়মিত চাঁদা আদায় করে। চাঁদা না দিলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করা হয়। যোগাযোগ করা হলে এসআই আদিল নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি জানান, প্রথম দিকে ঘটনাস্থলে থাকলেও পরে এসআই রণজিৎ ও কনস্টেবলদের রেখে তিনি থানায় চলে যান। পরের ঘটনা তাঁর জানা নেই। এসআই রণজিৎ বলেন, পিকআপের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই ব্যবসায়ী ও চালক অশালীন আচরণ করেন। এ কারণেই তাঁদের মারধর করা হয়। তবে তিনি ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেন। ওসি শফিকুল ইসলাম মারধরের বিষয়টি স্বীকার করলেও দুই এসআইয়ের ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সেতুর কাছের ওই পুলিশের চৌকিতে যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় ও হয়রানির অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীদের পক্ষ থেকে তাঁর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।