ঘুষ না পেয়ে শিক্ষকদের বেতন আটকে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক বছরের বকেয়া বেতন বিল পাস করার পরও ব্যাংকে ফোন দিয়ে তা আটকে দিয়েছেন৷ সুজিৎ কুমার তাঁর দাবি করা ঘুষ না পেয়ে তিনি ওই বিল আটকে দিয়েছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন৷
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে৷ শিক্ষকেরা চত্বরে সমবেত হয়ে বিক্ষোভের প্রস্তুতি নেন৷ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষকদের সঙ্গে সভা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
আন্দোলনরত শিক্ষকেরা জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আলমডাঙ্গার ৪৮টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়৷ জাতীয়করণের ১৫ মাস পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে ২০১৪ সালের মার্চে শিক্ষকেরা বেতন-ভাতা প্রথম হাতে পান৷ চলতি বছরের এপ্রিল মাসের বেতন পরিশোধের সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়৷ তবে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসের বেতন-ভাতা এ পর্যন্ত পরিশোধ করা হয়নি৷
কুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমতুল্লাহ বলেন, আশপাশের অন্যান্য উপজেলায় শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে৷ অথচ, আলমডাঙ্গার সুজিৎ কুমার বিশ্বাস নানান অজুহাতে উপজেলার ১৮৯ জন শিক্ষকের এক বছরের বেতন-ভাতা আটকে রেখেছেন৷ গত ২৭ মে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনের কাছে তাঁরা অভিযোগ করলে চেয়ারম্যান হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলেন৷ ওই কর্মকর্তা ওই দিনই শিক্ষকদের গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিল অনুমোদন করেন এবং স্থানীয় সোনালী ব্যাংককে বিষয়টি অবগত করেন৷ ২৮ মে ব্যাংকে ফোন দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা ওই বিল আটকে দেন৷
শিক্ষক আনিসুজ্জামান অভিযোগ করেন, ২৭ মে হিসাবরক্ষণ কর্মকর্তা ১৮৯ জন শিক্ষকের কাছে এক হাজার টাকা করে ঘুষ শর্তে বিল পাস করেন৷ কিন্তু পরদিন হঠাৎ করেই তিনি দুই হাজার টাকা করে দাবি করেন৷ শিক্ষকদের অনেকেই ওই অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন৷ এরপর ওই কর্মকর্তা ২৮ মে ব্যাংক কর্তৃপক্ষকে বিল প্রদান করতে নিষেধ করেন এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), ইউএনওসহ বিভিন্ন দপ্তরে শিক্ষকদের বিরুদ্ধে হুমকি দিয়ে বিল পাস করানোর অভিযোগ আনেন৷ এতে ১৮৯ জন শিক্ষকের বকেয়া বেতন-ভাতা পাওয়া বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে৷
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী দামুড়হুদা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস পাল্টা অভিযোগ করে বলেন, চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিদা খাতুনের স্বামী সিরাজুল ইসলাম ২৭ মে বিকেলে ১০-১৫ জন শিক্ষকসহ জোর করে তাঁর কার্যালয়ে প্রবেশ করে বিলের জন্য চাপ সৃষ্টি করেন৷ এই অবস্থায় ৩৭৩, ৩৭৪ ও ৩৭৫ নম্বর অ্যাডভাইসে ৪৯ লাখ ৬৪ হাজার টাকার বিল পাস করে তিনি নিজেকে সাময়িকভাবে মুক্ত করেন৷ পরে টেলিফোন করে সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে অর্থ পরিশোধ না করার জন্য বলেন৷ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সহিদুল ইসলাম ঘটনার নিশ্চিত করেছেন৷
অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, ‘কোনো হুমিক নয়, শিক্ষকপ্রতি এক হাজার টাকা ঘুুষের চুক্তিতেই হিসাবরক্ষণ কর্মকর্তা বিলে স্বাক্ষর করেন৷ এখন তিনি উল্টো বকছেন৷’
উপজেলা পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বিষয়টি জটিল আকার ধারণ করেছে৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে