ঘুষ না পেয়ে সংস্কৃতিকর্মীকে পেটালেন বিআরটিএ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ঘুষ না দেওয়ায় গতকাল সোমবার এক সংস্কৃতিকর্মীকে পিটিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান। এ অভিযোগে মাহবুবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল দিনাজপুর সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ। মারধর করার বিষয়টি স্বীকার করে মাহবুবুর রহমান বলেছেন, ‘আমার ভুল হয়ে গেছে।’রহমত উল্লাহ জানান, সম্প্রতি তিনি একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। নিজের নামে মোটরসাইকেলটির কাগজপত্র তৈরি করতে গত কয়েক দিন তিনি জেলা বিআরটিএ কার্যালয়ে যাচ্ছেন। গতকাল সেখানে গেলে মেহেদী হাসান ওরফে রুবেল নামের এক দালাল তাঁর কাছে এক হাজার টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় কাজ হবে না বলে জানিয়ে দেন। এরপর মাহবুবুর রহমানের কক্ষে ঢুকে বিষয়টি জানতে চান রহমত উল্লাহ। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাহবুবুর রহমান রহমতের শার্টের কলার ধরে মারতে শুরু করেন। একই সঙ্গে ওই কর্মকর্তার নির্দেশে তাঁর কার্যালয়ের দালাল মেহেদী হাসান ওরফে রুবেল, কম্পিউটার অপারেটর শিপলু, নাজমুল হক, সুমন ও সোবহানসহ কয়েকজন যুবক রহমতকে বেদম প্রহার করেন।এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন রহমত উল্লাহ। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা আকারে গ্রহণ করা হবে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ভুল হয়ে গেছে।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, রুবেল, সুমন, শিপলু ও সোবহান তাঁর কার্যালয়ের দালাল।