নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম ঘুষ নিয়ে একটি প্রতিষ্ঠানকে হাসপাতালে খাদ্য ও ওষুধ সরবরাহের ঠিকাদার নিয়োগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে কয়েকজন ঠিকাদার আবার দরপত্র আহ্বানের অনুরোধ জানিয়েছেন জেলা সিভিল সার্জনের কাছে।
সিভিল সার্জন রশিদ আহমেদ বলেন, এ ব্যাপারে মেসার্স মুক্তি বাংলা এন্টারপ্রাইজ ও মেসার্স রুদ্র এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দরপত্র খোলার নির্ধারিত দিন ২১ জুন কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়নি। দরপত্রের শর্ত উপেক্ষা করে ২৬ জুন কাউকে কিছু না জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেসার্স মুক্তা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেন।
মেসার্স মুক্তি বাংলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দরপত্র জমা দেওয়ার আগেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম আলাদাভাবে ডেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন। ঘুষের বিনিময়ে কাজ নিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে দরপত্র যাচাই-বাছাই না করেই মুক্তা এন্টারপ্রাইজকে কাজের অনুমতিপত্র দিয়ে দেন।’ মেসার্স রুদ্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনও একই কথা বলেন। তাঁরা আরও বলেন, ‘১৯ জুন নুরুল ইসলাম সরকারি প্রশিক্ষণে ব্যাংকক যান। যাওয়ার আগে তিনি দেড় লাখ টাকা চেয়েছিলেন। যত দূর শুনেছি, মুক্তা এন্টারপ্রাইজের মালিক টাকাটা দিয়েছেন। তাই ২৫ জুন ব্যাংকক থেকে ফিরেই নুরুল ইসলাম কাজটা মুক্তা এন্টারপ্রাইজকে দিয়েছেন।’
মেসার্স মুক্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর পক্ষে দরপত্রটি ক্রয় করেছিলেন সাঈদ মিয়া। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পাঁচ সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি সোলায়মান মোল্লা জানান, নিয়ম অনুযায়ী দরপত্র মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, ‘অন্য ঠিকাদারেরা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। তাঁদের কাছে আমি টাকা দাবি করব কীভাবে? এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার।’
সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে এ হাসপাতালে ওষুধ ও খাদ্যদ্রব্যসহ ৫২ ধরনের পণ্য সরবরাহ করতে ঠিকাদার নিয়োগের জন্য ২৬ মে দরপত্র আহ্বান করা হয়। আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনে নির্ধারিত ২১ জুনের মধ্যে জমা দেয়। ওই দিনই দরপত্র খোলার কথা ছিল।