ঘুষ নিয়ে নিয়োগের অভিযোগ সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী ঘুষ নিয়ে ওই কলেজে শিক্ষকসহ অন্য পদে লোক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই নিয়োগ বাতিলের দাবিতে গতকাল রোববার দুপুরে কলেজ অধ্যক্ষের কক্ষ, শিক্ষক মিলনায়তন এবং শ্রেণীকক্ষে তালা লাগিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কলেজের শিক্ষক-কর্মচারী ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১২ সালে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, বাংলা, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এই আটটি পদের বিপরীতে ৮৬টি আবেদন জমা পড়ে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরই অধ্যক্ষ ও বাংলা বিষয়ের প্রভাষক পদ বাদে অন্য ছয়টি পদে নিয়োগ দেন সাংসদ মনোয়ার হোসেন। নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার সকালে কর্মস্থলে যোগদান করেন। এ খবর ছড়িয়ে পড়লে কর্মরত শিক্ষক-কর্মচারী এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সাংসদের বিরুদ্ধে ঘুষ নিয়ে ওই পদগুলোতে নিয়োগ দেওয়ার অভিযোগ আনেন এবং এর প্রতিবাদে দুপুর ১২টার দিকে তাঁরা অধ্যক্ষের কক্ষ, শিক্ষক মিলনায়তন ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন।
পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ওই নিয়োগ বাতিলের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যে এই নিয়োগ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।
কলেজের বাংলা বিভাগের শিক্ষক বশির আহমেদ অভিযোগ করেন, তিনি উপাধ্যক্ষ পদে আবেদন করেছিলেন। কিন্তু সাংসদের লোকজন তাঁর কাছে ১০ লাখ ঘুষ দাবি করেন। তিনি ওই টাকা দিতে না পারায় পরীক্ষায় ভালো করার পরও নিয়োগ পাননি। উপজেলার নুনতলা গ্রামের নুরুন্নবী আকন্দ বলেন, ‘আমি ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষক পদে আবেদন করি। সাংসদ তাঁর লোকজন দিয়ে আমার কাছে আট লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারিনি বলে আমাকে পরীক্ষায় কম নম্বর দিয়ে অকৃতকার্য করা হয়।’
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে আবেদনকারী উপজেলা শহরের বিশ্বরোড এলাকার দেবজানী বলেন, সাংসদ যাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, শুধু তাঁদেরই নিয়োগ দিয়েছেন।
ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও বিধিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র বলেন, ‘নিয়োগ প্রদানের বিষয়টি কলেজ পরিচালনা কমিটির ওপর নির্ভর করে। এ নিয়ে আমার করণীয় কিছু নেই।’