ঘুষ নিয়ে নিয়োগের অভিযোগে যোগদানে বাধা, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ে ঘুষের মাধ্যমে দুই শিক্ষক ও এক অফিস সহকারীকে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগপ্রাপ্তরা গত শনিবার যোগ দিতে এলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য ও স্থানীয়দের বাধায় ফিরে যান।
এদিকে এ নিয়োগের প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী সাত-আটজন বলেন, শনিবার সকালে সহকারী শিক্ষক পদে আশরাফুল ইসলাম ও মাহাবুর রহমান নামে দুজন এবং অফিস সহকারী পদে আমিরুল ইসলাম যোগ দিতে বিদ্যালয়ে আসেন। এ সময় গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চার সদস্য মিলে তাঁদের কাছে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চান। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে এ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। অপর দিকে, নিয়োগ পাওয়া তিনজনের পক্ষের লোকজনও মাঠের অপর দিকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে ব্যবস্থাপনা কমিটির ক্ষুব্ধ সদস্য, শিক্ষার্থীরা ও অভিভাবক মিলে বিদ্যালয়ের পাশে মানববন্ধন করেন। তাঁরা ওই তিনজনের গোপন নিয়োগ বাতিলের দাবি জানান।
নিয়োগ পাওয়া দুই শিক্ষক ও অফিস সহকারী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু ব্যবস্থাপনা কমিটির সদস্য নায়েব আলী, সফির উদ্দিন, ইনতাজ আলীসহ স্থানীয় সাত-আটজন অভিযোগ করেন, প্রধান শিক্ষক আফসার আলী ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে গোপনে ওই তিনজনকে নিয়োগ দিয়েছেন। গতকাল তাঁরা যোগদান করতে এলে বিষয়টি জানাজানি হয়।
তবে কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুসারেই যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকও একই দাবি করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, ৩ মে রাজশাহীতে বিধি মোতাবেক তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাংসদের নির্দেশে বোর্ড বসিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয় বলে শিক্ষা কর্মকর্তা জানান।