ঘুষ নিয়ে পরে ফেরত!
যশোরের কেশবপুর থানার পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ জুলাই রাতে শহরের বনানী টি স্টোর থেকে তাঁরা এ ঘুষ নেন। এ ঘটনায় গতকাল শুক্রবার যশোরের সহকারী পুলিশ সুপারের (এএসপি) কাছে ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ করেন।
অভিযোগে ব্যবসায়ীরা বলেন, ১২ জুলাই রাত আটটার দিকে এসআই আসাদুল ইসলাম শাকিল ও সুব্রত কুমার সরদার শহরের ত্রিমোহিনী মোড়ের বনানী টি স্টোরে যান। তাঁরা ভারতীয় চা আছে বলে দোকানের মালিক দুই সহোদর সমীর সরকার ও সুবোধ সরকারের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে হাতকড়া পরাতে উদ্যত হন। পরে ওই দুই সহোদর এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে গ্রেপ্তার এড়ান। বিষয়টি জানাজানি হলে কেশবপুর বণিক সোসাইটির হস্তক্ষেপে ওই দিনই টাকা ফেরত দেওয়া হয়।
গতকাল কেশবপুর থানায় মৌখিক অভিযোগের সময় বণিক সোসাইটির সভাপতি এরশাদ মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবকুমার সাহাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এসআই আসাদুল ইসলাম শাকিল বলেন, ‘আমরা ভারতীয় চা রয়েছে বলে তথ্য পেয়ে বনানী টি স্টোরে যাই। এ সময় তাঁদের গুদাম দেখতে চাইলে দুই ভাইয়ের সঙ্গে একটু ভুল-বোঝাবুঝি হয়।’ তবে টাকা লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এএসপি মোস্তাফা কামাল বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।