ঘুষ নিয়ে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন না করার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে গতকাল রোববার দুপুরে অবৈধ সংযোগ হাতেনাতে ধরার পরও তা বিচ্ছিন্ন করা হয়নি। অভিযোগ উঠেছে, ঘুষের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন অভিযানে যাওয়া কর্মকর্তারা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের দুই কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কাঠেরপুল এলাকায় ওই বাড়িটি পাঁচতলা। প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট। এ বাড়ির গ্যাস ব্যবহারের অনুমতি রয়েছে মাত্র তিনটি ফ্ল্যাটের। বাকি ফ্ল্যাটগুলোতে অবৈধ গ্যাসসংযোগ রয়েছে। খবর পেয়ে গতকাল দুপুরে ওই বাড়িতে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের হিসাব সহকারী আবদুল ওহাব ও শফিউল্লাহ এবং হেলপার হানিফের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। খবর পেয়ে সাংবাদিকেরাও ঘটনাস্থলে ছুটে যান। তিতাস গ্যাসের কর্মকর্তারা বাড়ির ভেতর প্রবেশ করে অনুমোদনহীন সংযোগ দেখতে পান। এরপর তাঁরা বাড়ির মালিকের সঙ্গে দেনদরবার শুরু করেন। পরে ওই কর্মকর্তারা বাড়িটির অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন না করে মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে সরে পড়েন। চলে যাওয়ার সময় তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের হিসাব সহকারী আবদুল ওহাব ও শফিউল্লাহ সাংবাদিকদের জানান, অবৈধ গ্যাসসংযোগ শনাক্ত করা গেছে। তবে কাগজপত্র ছাড়া সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তাঁরা উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তাহলে এসেছিলেন কেন—জানতে চাইলে কোনো উত্তর না দিয়েই দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের ব্যবস্থাপকের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।