ঘুষ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ
ঘুষ নিয়ে সাতক্ষীরা সদর থানার এক উপ-পরিদর্শক মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন বলে সেলিনা আক্তার নামে এক নারী অভিযোগ করেছেন। ৩ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৯৮১ সালে তাঁর সঙ্গে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের মহব্বত মীরের বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। পরবর্তী সময়ে মহব্বত তাঁর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর তাঁর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। ৩ এপ্রিল মহব্বত, তাঁর দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তিনি ৮ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় নারী নির্যাতনের মামলা করেন। সেলিনা বলেন, এ মামলার অভিযোগপত্র করাতে সদর থানার উপ-পরির্দশক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সাতক্ষীরা পুলিশ সুপারের স্টেনো শেখ রফিকুল ইসলাম তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। অন্যথায় আসামির কাছ থেকে টাকা নিয়ে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে তাঁরা জানান। সেলিনা আরও বলেন, গত ১ জুন মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেখ রফিকুল ইসলাম ও মহব্বত মীরের হুমকির মুখে তিনি তাঁর জমিও বিক্রি করতে পারছেন না।শেখ রফিকুল ইসলাম বলেন, এ সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তাঁর বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তিনি আইনানুগভাবে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন উল্লেখ করে বলেন, কিছু সমস্যা ও চাপও ছিল। অভিযুক্ত মহব্বত মীর জানান, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিল মিথ্যা।