ঘুষ নিয়ে চেক বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয় মেরামতকাজের চেক বিতরণের সময় ‘অফিস খরচ’-এর কথা বলে টাকা নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘনিষ্ঠ বলে পরিচিত একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকদের কাছ থেকে ওই টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প-৩ (পিইডিপি)-এর আওতায় ক্ষুদ্র মেরামতকাজের জন্য উপজেলার ৩৮টি বিদ্যালয়ে ৩০ হাজার টাকা করে এবং শৌচাগার সংস্কারের জন্য ১৩টি বিদ্যালয়ে ১৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির অভিযোগ করেন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান তাঁর সহযোগী মধ্য আলেকজান্ডার-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম জাফর আহমদের মাধ্যমে এসব মেরামতকাজের চেক বিতরণের সময় টাকা আদায় করছেন। ‘অফিস খরচ’ বাবদ ৩০ হাজার টাকার চেকের জন্য এক হাজার ৬০০ টাকা এবং ১৫ হাজার টাকার চেকের জন্য ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে।
কিছু চেক বিতরণ করার কথা স্বীকার করে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘টাকাপয়সা’ নেওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি এবং তাঁর দপ্তরের কেউ ওই ধরনের ঘটনার সঙ্গে (অফিস খরচের নামে অবৈধ টাকা আদায়) জড়িত নন।
রামগতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, গত বুধবার বিকেলে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ওই বরাদ্দের চেক গ্রহণ করতে গেলে অফিস খরচের কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার ৬০০ টাকা নেওয়া হয়। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতেই সহকারী শিক্ষক জাফর আহমদ ওই টাকা নেন। রামগতি স্টেশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস, উত্তর-পূর্ব চর আফজল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ মজুমদার ও রামগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চন্দ্র দাসের কাছ থেকেও একই হারে টাকা নেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
মধ্য চরডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, গত বুধবার তিনি প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গেলে ৩০ হাজার টাকার চেকের জন্য তাঁর কাছে এক হাজার ৬০০ টাকা দাবি করা হয়। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন এবং এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে জাফর আহমদ তাঁকে লাঞ্ছিত করেন।
সহকারী শিক্ষক জাফর আহমদ জানান, অফিস খরচের কথা বলে তিনি কারও কাছ থেকে কোনো টাকা নেননি।