ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া হলো দুজনকে!
মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটকের পরও ছেড়ে দিয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঘুষ নিয়ে ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর অদূরে সাভার মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এসআই শহীদুল ইসলাম মোল্লা গত সোমবার বেলা ১১টার দিকে সাভারের দেওগাঁও এলাকার লিটন কস্তাকে বেশ কিছু মদসহ তাঁর বাড়ি থেকে আটক করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে জন কস্তাকেও আটক করা হয়। কিন্তু এসআই শহীদুল তাঁদের থানায় না নিয়ে মাইক্রোবাসে তুলে হেমায়েতপুর এলাকায় নিয়ে যান। অভিযোগ উঠেছে, সেখানে ঘুষ নিয়ে দুজনকেই ছেড়ে দেন। সাভার থানা সূত্রে জানা যায়, এসআই শহীদুল গত সোমবার হরতালে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া থেকে আমিনবাজার পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট দায়িত্বের বাইরে অন্য পুলিশি দায়িত্ব পালন করা যায় না।কিন্তু এসআই শহীদুল এই নিয়ম না মেনে নির্দিষ্ট দায়িত্বের বাইরে গিয়ে লিটন ও জনকে গ্রেপ্তার করেন। মুঠোফোনে জানতে চাইলে এসআই শহীদুল ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, লিটনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকেসহ দুজনকে আটক করা হয়। কিন্তু মদ না পাওয়ায় হেমায়েতপুর নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। মাদক না পাওয়ার পরও তাদের আটক করে হেমায়েতপুর পর্যন্ত নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। নির্দিষ্ট দায়িত্বের বাইরে গিয়ে অভিযান চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে এসআই শহীদুল বলেন, ‘এসব বিষয়ে আপনি প্রশ্ন করার কে?’এ ব্যাপারে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’