ঘুষ নিয়ে তিন কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা!
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকার ১০টি সেতু নির্মাণের কাজ ঘুষ নিয়ে ভাগাভাগি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন ঠিকাদার বলেন, ১০টি সেতুর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ৩৪০ টাকা ব্যয়ে ছয়টি সেতু নির্মাণের কাজ দরপত্র আহ্বান করে লটারির মাধ্যমে ঠিকাদারদের দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে তা কয়েকজনকে বণ্টন করে দেওয়া হয়েছে। ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৩৪ টাকা ব্যয়ে অপর চারটি সেতুর নির্মাণকাজের ক্ষেত্রে দরপত্র আহ্বান করে তাতে নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এ চারটি সেতু নির্মাণকাজের শিডিউল পছন্দের ঠিকাদারের বাইরে কারও কাছে বিক্রি করা হয়নি। এভাবে সুবিধাভোগী ঠিকাদারদের কাছ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনৈতিকভাবে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পিআইওর কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ২ মার্চ ‘গ্রামীণ রাস্তায় কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় ৪৮৯টি উপজেলা ও তেজগাঁও উন্নয়ন সার্কেলে কেন্দ্রীয়ভাবে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে। এর মধ্যে ছিল গলাচিপায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ১০টি সেতু নির্মাণের প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদের গত ১৫ মার্চ সই করা চিঠিতে ছয়টি ও ২৪ মার্চ স্বাক্ষরিত চিঠিতে চারটি সেতুর নকশাসহ প্রাক্কলনের অনুমোদন দেওয়া হয়। ২১ এপ্রিল সবগুলো সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার নগদ ৫ লাখ ১০ হাজার টাকা দিয়ে ৩০ লাখ টাকা বরাদ্দের একটি সেতুর কাজ নিয়েছেন বলে জানান। এভাবে প্রথম ছয়টি সেতুর নির্মাণকাজ ঘুষ নিয়ে বণ্টন করে দেওয়া হয়েছে।
পৌরসভা এলাকার একজন ঠিকাদার বলেন, ‘আমি ১০টি সেতু নির্মাণকাজের টেন্ডার দেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে পিআইওর কার্যালয়ে যাই। সেখান থেকে আমাকে বলা হয় ছয়টি সেতুর কাজ হবে। ওই কার্যালয় থেকে আমাকে লিখিতভাবেও এ কথা জানানো হয়। পরে জানতে পারি যে ১০টি সেতু নির্মাণেরই টেন্ডার আহ্বান করা হয়েছে। চারটি সেতুর শিডিউল আমাদের কাছে বিক্রি করা হয়নি।’
পিআইওর কার্যালয়ের নথি পর্যালোচনা করে দেখা যায়, প্রথম ছয়টি সেতু নির্মাণের জন্য প্রতিটি কাজের বিপরীতে গড়ে ৩৭ জন হিসেবে মোট ২২২টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়। অথচ পরবর্তী চারটি সেতু নির্মাণকাজের দরপত্রে তিনটিতে ছয়টি করে ও একটিতে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়।
পিআইও আমিরুল ইসলাম বলেন, ‘সেতুগুলোর নির্মাণকাজের টেন্ডারে অনিয়ম বা দুর্নীতি হয়নি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু সম্পন্ন হয়েছে। কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ঠিক নয়।’