ঘুষ নিয়ে পাঠ্যসূচিতে ব্যাকরণ বই অন্তর্ভুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে সরকারি নীতিমালা উপেক্ষা করে মাধ্যমিক শিক্ষক সমিতি পাঠ্যসূচি তৈরি ও তাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাইরে একটি ব্যাকরণ বই অন্তর্ভুক্ত করেছে। একটি প্রকাশনীর কাছ থেকে ঘুষ নিয়ে এ কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, এনসিটিবির বইয়ের বাইরে কোনো বই শিক্ষার্থীদের পড়ানো যাবে না। এ ছাড়া সমিতির মাধ্যমে পাঠ্যসূচি, গাইড, ব্যাকরণ ও গাইড বই সরবরাহ করা যাবে না।কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে কেশবপুর উপজেলা বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত হাসান বুক ডিপো নামের একটি প্রকাশনীর জননী সিরিজের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে।খোঁজ নিয়ে দেখা গেছে, পাঠ্যসূচি পেয়েই বেশির ভাগ শিক্ষার্থী ব্যাকরণের সঙ্গে গাইড বই কিনতে বাধ্য হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহসিনা জেসমিন বলে, ‘আমি সিলেবাস পেয়েই ব্যাকরণ ও গাইড বই কিনেছি।’ আজিজুর রহমান নামের একজন অভিভাবক অভিযোগ করেন, ‘মাধ্যমিক শিক্ষক সমিতির পাঠ্যসূচি অনুসরণ করতে গিয়ে ব্যাকরণ ও গাইড বই কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি।’সমিতির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জননী সিরিজের বই দিয়ে সমিতি হাসান বুক ডিপোর কাছ থেকে নয় লাখ ২৫ হাজার টাকা পেয়েছে। ওই টাকা শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে হাসান বুক ডিপোর ব্যবস্থাপক জসিমউদ্দিন জানান, তাঁদের বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সমিতিকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু পরিমাণ এত নয়।কেশবপুর উপজেলা বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মজিদ জানান, পাঠ্যসূচিতে যখন জননী সিরিজের বই দেওয়ার বিষয়টি ধরা পড়ে, তখনই সভা করে তা বাতিল করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করা হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, পাঠ্যসূচি তৈরি ও এনসিটিবির বাইরে সেই পাঠ্যসূচিতে বই অন্তর্ভুক্ত করা বেআইনি। তবে এ ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।