ঘুষ নিয়ে ব্যাকরণ ও পাঠ্যক্রম কিনতে বাধ্য করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশনা অমান্য করে খুলনার ডুমুরিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ব্যাকরণ বই ও পাঠ্যক্রম কিনতে বাধ্য করছে শিক্ষক সমিতি। একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়ে সমিতির নেতারা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ব্যতীত কোনো বিদ্যালয়ে শিক্ষক সমিতির মাধ্যমে কোনো পাঠ্যক্রম, গাইড, ব্যাকরণ বই ও প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনসিটিবির সরবরাহ করা ব্যাকরণ বই দিয়ে পাঠদান করতে হবে।শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলতি (এপ্রিল) মাসের প্রথম সপ্তাহে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলার ৬৩টি বিদ্যালয়ের কর্তৃপক্ষকে মৌখিকভাবে তাদের সরবরাহ করা বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই এবং পাঠ্যক্রম কেনার নির্দেশ দেয়। বইগুলো বিক্রি করে দেওয়ার জন্য ফিরোজা বুকস হাউস নামের একটি প্রতিষ্ঠান শিক্ষক সমিতিকে ১০ লাখ টাকা ঘুষ দিয়েছে।শিক্ষার্থী ও শিক্ষকেরা অভিযোগ করেন, শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ শ্রেণীতে ফিরোজা বুকস হাউসের ১৪০ টাকার বাংলা ব্যাকরণ নির্মিতি ও ২৫০ টাকার রিসেন্ট কমিউনিকেটিং ইংলিশ গ্রামার, সপ্তম শ্রেণীতে ৩৪০ টাকার জ্ঞানদ্বীপ বাংলা ব্যাকরণ ও রচনা এবং একই দামের ফাস্ট কমিউনিকেটিং ইংলিশ গ্রামার, অষ্টম শ্রেণীতে ২৭০ টাকার জ্ঞান সাগর বাংলা ব্যাকরণ ও ৩৬০ টাকার লার্নিং কমিউনিকেটিং ইংলিশ গ্রামার এবং নবম শ্রেণীতে ৩৫৪ টাকার জ্ঞানদ্বীপ বাংলা ব্যাকরণ ও ৩৮০ টাকা দামের ব্রিলিয়ান্ট কমিউনিকেটিং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই পড়াতে হবে। পাশাপাশি ওইসব বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ১২ টাকা, অষ্টম শ্রেণীতে ১৫ টাকা ও নবম শ্রেণীতে ২০ টাকা দামের পাঠ্যক্রম কিনতে বাধ্য করা হচ্ছে। এসবের প্রধান লক্ষ্য হচ্ছে সমিতির তৈরি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া।ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলভী সিদ্দিকী বলে, ‘স্যার আমাদের ক্লাসে সবাইকে ১২ টাকা দিয়ে সিলেবাস কিনতে বলেছে। আর বাজারেত্তে বাংলা ও ইংরেজি দুডো গ্রামার কিনতে বলেছে। আমরা তাই কিনিছি।’ ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক নিমাই চন্দ্র জানান, সরকার এ বছর বিনা মূল্যে দুটি ভালো ব্যাকরণ বই দিয়েছে। এটাই একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট। ফিরোজা বুকস হাউসের মালিক আমজাদ হোসেন সমিতিকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি শুধু সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই সরবরাহ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ব্যাকরণ বই ও পাঠ্যক্রম কিনতে বলার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন। টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, অত টাকা নেওয়া হয়নি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক উপপরিচালক টি এম জাকির হোসেন বলেন, তদন্তের পর প্রমাণ পেলে প্রধান শিক্ষকদের এমপিও বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হবে।