ঘুষ নিয়ে মোটরসাইকেল ছাড়লেন ওসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে জব্দের ১৩ দিন পর ছয়টি মোটরসাইকেল ছেড়ে দিয়েছে পুলিশ৷ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান চৌধুরী ৭৮ হাজার টাকা ঘুষ নিয়ে মোটরসাইকেলগুলো ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
বদরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বদরগঞ্জ ও মিঠাপুকুর থানার সীমান্ত এলাকা কুতুবপুরের নাগেরহাট সংলগ্ন কাঠগড়া নদীর পাড়ে জুয়ার আস্তানায় অভিযান চালায়। এ সময় জুয়াড়িরা ছয়টি নিবন্ধনহীনসহ সাতটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এরপর মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযোগ উঠেছে, আটকের ১৩ দিনেও পুলিশ বিষয়টি আদালতকে জানায়নি এবং এরই মধ্যে ঘুষ নিয়ে ছয়টি মোটরসাইকেল ছেড়ে দিয়েছে৷
মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জের পাইকাড়হাট গ্রামের শামসুজ্জামান বলেন, ‘দৌলতপুর কৃষ্ণপুকুর গ্রামের নূর ইসলামের মোটরসাইকেল ভাড়া নিয়ে ওই দিন জুয়ার আসরে গিয়েছিলাম। কিন্তু জুয়া খেলিনি। পুলিশ দেখে অন্যদের মতো মোটরসাইকেল রেখে পালিয়ে যাই। পরে গাড়ি আনতে থানায় গেলে এএসআই আবদুর রহিম বলেন, ‘ওসি সাহেবকে এক লাখ টাকা দিলে সবার মোটরসাইকেল ছেড়ে দিবেন৷ পরে মোটরসাইকেলের অন্য মালিকদের সঙ্গে যোগাযোগ করে সবাই মিলে গত ১৫ মে থানায় গিয়ে ওসি সাহেবের উপস্থিতিতে আবদুর রহিমকে ৩৫ হাজার টাকা দিই। তাঁরা তিন দিনের মধ্যে মোটরসাইকেল ছাড়ার আশ্বাস দেন। কিন্তু মোটরসাইকেল না ছেড়ে আবদুর রহিম পুরো এক লাখ টাকাই দাবি করেন। পরে ২০ মে আরও ২০ হাজার এবং ২১ মে ২৩ হাজার টাকা ঘুষ দিলে ওসি সাহেব সাতটির মধ্যে ছয়টি মোটরসাইকেল ছেড়ে দেন।’
মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিতে শামসুজ্জামানের সঙ্গে থানায় িগয়েছিলেন বালুয়াভাটা গ্রামের পুটু মিয়া। তিনি বলেন, জুয়ার আস্তানা থেকে সাতটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়ার পর এএসআই আবদুর রহিমের মাধ্যমে ওসি জাহেদুর রহমান চৌধুরী গত ১৫ থেকে ২১ মে পর্যন্ত তিন দফায় ৭৮ হাজার টাকা ঘুষ নেন৷
বদরগঞ্জ থানার নথিপত্র অনুযায়ী, ওই ছয়টি মোটরসাইকেল থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন বদরগঞ্জের অরুন্নেছা দক্ষিণপাড়ার এনামুল হক, মিঠাপুকুরের মাঝগ্রামের মুকুল মিয়া, শাল্টিহাটের ওয়াহেদুল ইসলাম, দৌলতপুর কৃষ্ণপুকুর গ্রামের নূর ইসলাম, পীরগঞ্জের মকিমপুরের নুরু মিয়া ও গাইবান্ধার পলাশবাড়ী এলাকার রফিকুল ইসলাম। এসআই রেজাউল ইসলাম বলেন, ‘জুয়ার আস্তানা থেকে মোটরসাইকেলগুলো আটক করে এনে থানায় রেখেছিলাম। সেটা ছাড়বে কী রাখবে, তা ওসি সাহেবের এখতিয়ার। এর বেশি আমি জানি না।’
জানা গেছে, মোটরসাইকেলগুলো ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও জুয়াড়িদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
জানতে চাইলে ওসি জাহেদুর রহমান চৌধুরী বলেন, ‘মোটরযান আইনে মামলা দিয়ে নিবন্ধনহীন পাঁচটিসহ ছয়টি মোটরসাইকেল থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল এখনো থানা হেফাজতে রয়েছে। আদালতকে না জানিয়ে মোটরসাইকেল ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আইনে কোনো সমস্যা নেই। আটকের ১৩ দিন পর মামলা করার বিষয়ে বলেন, ‘মালিক না পেলে মামলা কার নামে দেব?’ ঘুষ নেওয়া প্রসঙ্গে বলেন, ‘যদি কেউ ঘুষ নিয়ে থাকে, সেটা তাঁর ব্যাপার। আমি নিইনি।’
রংপুর জজ কোর্টের আইনজীবী সিরাজ আহমেদ বলেন, কোনো কিছু জব্দ করলে বিধি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে তা পুলিশের জানানোর কথা৷ আদালতের নির্দেশ ছাড়া নিবন্ধনহীন মোটরসাইকেল পুলিশের ছেড়ে দেওয়া ঠিক হয়নি৷
এএসআই আবদুর রহিম বলেন, ‘মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন ওসি সাহেব। আমি ঘুষ নেব কেন?’ পুলিশ সুপার আবদুর রাজ্জাক গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।