ঘুষ নেওয়া কর্মকর্তাকে দিয়ে তদন্ত, মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাউ খাবার না পেয়ে রাজারবাগের হোয়াইট হাউস হোটেল ও রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীরা। রেস্তোরাঁর মালিক এ নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। জাহাঙ্গীর আলম নামে পল্টন থানার যে উপপরিদর্শককে (এসআই) এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাঁর বিরুদ্ধেও ওই রেস্তোরাঁ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম এসব অভিযোগের কথা স্বীকার করে বলেন, ‘এসআইয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। ভাঙচুরের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’হোয়াইট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মাসুম ইকবাল অভিযোগ করেন, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি মো. ফাহাদ উল্লাহ কিছুদিন আগে তাঁর বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। এরপর বিল পরিশোধ না করে চলে যান। গত ২২ মার্চ একইভাবে তিনি একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে প্রায় ২০ হাজার টাকা না দিয়ে চলে যান। গত ২৫ মার্চ সন্ধ্যায় আবার রেস্তোরাঁয় ঢুকতে চাইলে কর্মচারীরা তাঁকে বকেয়া বিল পরিশোধ করতে বলেন। ফাহাদ এতে ক্ষিপ্ত হয়ে চলে যান। কিছুক্ষণ পর তিনি দলবল নিয়ে এসে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা জেনারেটরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে নিরাপত্তা তত্ত্বাবধায়ক আহমদ উল্লাহ বাধা দিলে তাঁকেও মারধর করে আহত করা হয়। যাওয়ার সময় ফাহাদ হুমকি দিয়ে বলেন, প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা না দিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেবেন। মাসুম ইকবাল অভিযোগ করেন, পল্টন থানায় এ নিয়ে অভিযোগ দেওয়ার পর জাহাঙ্গীর আলম নামের একজন এসআই তদন্তে আসেন। তিনি কিছুক্ষণ অবস্থান করে চলে যান। পরে জানা যায়, তিনি কোনো মামলা করেননি। উল্টো ভাঙচুরকারীদের করা জিডি নিয়েছেন। তিনি বলেন, এসআই জাহাঙ্গীর গত বছরের ডিসেম্বরে একটি কথিত চুরির অভিযোগে কয়েকজন কর্মচারীকে গ্রেপ্তারের ভয় দেখান। পরে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে চলে যান। জাহাঙ্গীরের বিরুদ্ধে গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিল অঞ্চলের উপকমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার কারণেই এসআই জাহাঙ্গীর ছাত্রলীগের নেতা-কর্মীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন মাসুম। রেস্তোরাঁর কর্মচারীরা জানান, ওই দিনের ঘটনা রেস্তোরাঁর সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ভাঙচুরের সময় কিছু বিদেশি নাগরিকও হোটেলে ছিলেন। তাঁরা জানান, ফাহাদের কাছে প্রায় ২০ হাজার টাকা পাওনা আছে।জানতে চাইলে এসআই জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, খাওয়ার বিল নিয়ে ঝামেলা হওয়ায় ছাত্রলীগের ছেলেরা ভাঙচুর করেছিল। ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কে এসআই বলেন, ‘যারা অভিযোগ দিয়েছে তারা তা প্রমাণ করুক।’ হামলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের পল্টন থানা শাখার সভাপতি ফাহাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ওই খানে জামায়াতের বৈঠক চলছিল। তা প্রতিহত করতে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ভেতরে ঢুকতে না দেওয়ায় হট্টগোল হয়। এতে কয়েকটা কাচ ভেঙে যায়। ফাহাদ দাবি করেন, জামায়াতের বৈঠকের কথা তিনি পুলিশকে অবহিত করে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। ফাউ খাওয়ার অভিযোগ অস্বীকার করেন ফাহাদ।তবে জামায়াতের বৈঠক সম্পর্কে পল্টন থানার পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনা তারা জানে না।