ঘুষ নেওয়াও অন্যায়, দেওয়াও অন্যায়: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সততার নীতিতে দেশ গড়তে শেখ হাসিনার সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ঘুষ নেওয়া যেমন অন্যায়, ঘুষ দেওয়াও অন্যায়। অন্যায় প্রতিরোধের প্রথম পদক্ষেপ হলো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। 

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের(পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ বায়োইথিকস সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী জৈবনিক মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাসানুল হক ইনু বলেন, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত দেশ গড়তে সরকারের কাজে জনগণের ভূমিকা হবে অতন্দ্র প্রহরীর মতো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য এবং সরকারি দপ্তরের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদাধিকারীদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। এ দায়িত্ব পালনে তাদের কৃতিত্ব মূল্যায়ন করবে দেশের আপামর মানুষ।
তথ্যমন্ত্রী বলেন, ‘উপনিবেশতন্ত্র, সামরিকতন্ত্র ও সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রে উত্তরণের যাত্রায় নৈতিকতাবিরোধী রাজাকার ও মানুষ পোড়ানো খুনিদের বিচারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বরাদ্দ যদি কেউ আত্মসাৎ করে তারও রেহাই নেই।’
পিআইবি এবং আমেরিকান ইউনিভার্সিটি অব সভরেইন ন্যাশনস (এইউএসএন) এর সহায়তায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োইথিকস সোসাইটির সভাপতি অধ্যাপক তাসলিমা মনসুর। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ হোসনে আরা লুৎফা, আমেরিকান ইউনিভার্সিটি অব সভরেইন নেশনসের প্রেসিডেন্ট ডেরিল আর মেসার, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বায়োইথিকস সোসাইটির মহাসচিব অধ্যাপক শামীমা পারভীন। সভাশেষে সোসাইটি আয়োজিত চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।