ঘুষ নেওয়ার অপরাধে ২ পুলিশকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঘুষ নেওয়ার অপরাধে শাস্তি পেয়েছেন পুলিশের দুই কর্মকর্তা৷ তাঁরা ঘুষের টাকা ফেরতও দিয়েছেন৷ তাঁরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম৷ তাঁদের গত বৃহস্পতিবার পুলিশ সুপারের নির্দেশে প্রত্যাহার করা হয়৷
পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন সম্প্রতি ভুলু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সোয়া এক লাখ টাকা ঘুষ আদায় করেন। পরে ওই ব্যবসায়ী পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছে একটি লিখিত অভিযোগ করেন। আইজির নির্দেশে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন ঘটনা তদন্ত করে করে এর সত্যতা পান। গত বৃহস্পতিবার আনোয়ার হোসেন পুলিশ সুপারের মাধ্যমে ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, জয়দেবপুর থানার এএসআই জহিরুল ইসলাম গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে গাজীপুর শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, এক লাখ ৫০ হাজার টাকার ব্যাংক চেক ও আরও দুই লাখ টাকা পাবেন—মর্মে একটি সাদা স্ট্যাম্পে সই নেন।
বিষয়টি জানাজানি হয়ে গেলে বৃহস্পতিবার রাতেই জহিরুল ও ওই ব্যবসায়ীকে পুলিশ সুপারের কার্যালয়ে আসতে বলা হয়। তাঁরা ওই কার্যালয়ে আসার পর কথা বলে ঘুষ নেওয়ার সত্যতা পান পুলিশ সুপার। এ সময় এএসআই জহিরুল ইসলাম ৫০ হাজার টাকা ও এক লাখ ৫০ হাজার টাকার চেক এবং সাদা স্ট্যাম্প পুলিশ সুপারের কাছে ফেরত দেন।
গত বৃহস্পতিবার রাতেই ঘুষ নেওয়ার অপরাধে পুলিশ সুপারের নির্দেশে জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই জহিরুল ইসলামকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, পুলিশের কাছ থেকে মানুষ এমনটা আশা করে না। তারা যেটা করেছে সেটি চোর আর ছিনতাইকারীর কাজ। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।