ঘুষ নেওয়ার অভিযোগ
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও অফিস সহকারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পদ পরিবর্তন করে এমএলএসএস পদে নিয়োগ দেওয়ার নাম করে ওই টাকা নেওয়া হয়েছে বলে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী আকরাম হোসেন জয়পুরহাটের সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন আকরাম হোসেন। ২০০৬ সালের ৮ জানুয়ারি তৎকালীন সিভিল সার্জন শিরিনা চৌধুরীর আদেশক্রমে আকরাম হোসেন মালী হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ২৫ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে মোকছেদ আলী যোগ দেন। তিনি ৪ অক্টোবর আকরাম হোসেনকে পুনরায় পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব পালনের নির্দেশ দেন। এরপর আকরাম হোসেন স্থায়ীভাবে পরিচ্ছন্নতাকর্মীর পদ পরিবর্তনপূর্বক তাঁকে হাসপাতালের এমএলএসএস পদে পরিবর্তনের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত আবেদন জানান। তত্ত্বাবধায়ক মোকছেদ আলী এ ব্যাপারে আকরামের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করলে আকরাম গত বছরের ৮ অক্টোবর তাঁকে ৩০ হাজার টাকা দেন। আকরাম অভিযোগ করেন, এরপর মোকছেদ আলী তাঁকে হাসপাতালের প্রধান অফিস সহকারী মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে বললে তিনি তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন। আকরাম হোসেন অভিযোগ করেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে এমএলএসএস পদে পরিবর্তনের জন্য ৫০ হাজার টাকা দিয়েও তিনি ওই পদে চাকরি পাননি। টাকা ফেরত দেওয়ার জন্য তাঁদের বারবার তাগাদা দিলেও তাঁরা টালবাহানা করেন। এ বিষয়ে গত সোমবার মুঠোফোনে জানতে চাইলে মোকছেদ আলী কোনো উত্তর না দিয়ে ‘নেটওয়ার্কের সমস্যা হচ্ছে’ বলে মুঠোফোনের লাইন কেটে দেন। মামুনুর রশিদ অবশ্য টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, ১৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী আকরাম হোসেনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি আরও জানান, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর পদ থেকে এমএলএসএস পদে পরিবর্তন করার কোনো আইনগত সুযোগ নেই।