ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী ও উপপরিদর্শক (এসআই) মীর রায়হান সিদ্দিকীকে গত বুধবার প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ওসিকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ রেঞ্জ অফিসে যোগদান করতে বলা হয়েছে। আর এসআই মীর রায়হান সিদ্দিকীকে বগুড়ার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, এসিড নিক্ষেপ ও জাল ডলার-সংক্রান্ত দুটি মামলায় গাফিলতি এবং অদক্ষতার অভিযোগে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।তবে ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, ‘আমাকে প্রত্যাহার করার নির্দেশ পেয়েছি। কিন্তু কী কারণে প্রত্যাহার করা হয়েছে, তা জানতে পারিনি।’থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর পুলিশ উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে জাল ডলার কেনাবেচা চক্রের সাতজন সদস্যকে মার্কিন ডলারের এক হাজার ৫৩০টি জাল নোটসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাঁদের থানা হাজতে রাখা হয়। পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা করে। অভিযোগ উঠেছে, এ চক্রের অন্যতম সদস্য শিবগঞ্জ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ছামসুল হকের ছেলে শাহীন মিয়াও জাল ডলার কেনাবেচা করার সময় গ্রেপ্তার হয়। কিন্তু তাঁর স্ত্রী তানিয়া সুলতানা থানায় এসে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান সিদ্দিকীর সঙ্গে গোপন সমঝোতা করেন। পরে ৫৩ হাজার টাকা উৎকোচ দিয়ে গত ২৯ সেপ্টেম্বর থানা হাজত থেকে শাহীনকে মুক্ত করে নিয়ে যায়। পরে তদন্তকারী কর্মকর্তা কৌশলে শাহীনকে মামলার আসামি করার বদলে সাক্ষী করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ওই ঘটনা সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পান। রায়হানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে।গত শনিবার এই থানার অপর উপপরিদর্শক মিনহাজ উদ্দিনকে ঘুষ নিয়ে এসিড নিক্ষেপ ঘটনার আসামিদের রক্ষা করার চেষ্টা করার অভিযোগে প্রত্যাহার করা হয়।