ঘুষ নেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
ঘুষ নেওয়ার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নূরুল ইসলামসহ দুজনের নামে মামলা হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী গত বৃহস্পতিবার খুলনার খালিশপুর থানায় এই মামলা করেন। রবীন্দ্রনাথ চাকী জানান, ২০০৯ সালের এপ্রিলে নূরুল ইসলাম খুলনা শুল্ক ও আবগারি এবং মূল্য সংযোজন করের (মূসক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি মংলা শুল্ক ভবনের কমিশনারের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি শুল্ক ও আবগারি এবং মূসক সার্কেলের পটুয়াখালী দপ্তরের উচ্চমান সহকারী শরীফ আহমেদ সোবহানকে খুলনায় বদলির আদেশ দেন। শরীফ এই আদেশ প্রত্যাহারের আবেদন নিয়ে নূরুল ইসলামের সঙ্গে দেখা করলে তিনি উচ্চমান সহকারী মো. শাহীনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। শাহীনের কাছে গেলে তিনি শরীফের কাছে ঘুষ দাবি করেন। শরীফ পটুয়াখালী থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাহীনের দেওয়া মুঠোফোন নম্বরের অনুকূলে এক লাখ টাকা পাঠান। শাহীন তা তুলে নিয়ে নূরুল ইসলামের সঙ্গে ভাগবাটোয়ারা করে নেন।রবীন্দ্রনাথ চাকী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তাই নূরুল ইসলাম ও শাহীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।২০০৯ সালের ২২ ডিসেম্বর মংলা বন্দরে দুটি কনটেইনার থেকে ২৭ হাজার ৩৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রসাধনসামগ্রী আমদানির আড়ালে এসব মদ আনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূরুল ইসলামকে ওএসডি করা হয়। একই অভিযোগে শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়।