ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কার্যালয়ের নাজির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের নাজির আবু তাহেরকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার তাঁকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের আবদুল ছাত্তার চার একর ৩৯ শতাংশ জমি খারিজ করার জন্য ভূমি কার্যালয়ে যান। এ সময় আবু তাহের জমি খারিজ করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ছাত্তার ২০ হাজার টাকা দিতে রাজি হন। ওই দিনই টাকা নিয়ে ছাত্তার ভূমি কার্যালয়ে যান।এ খবর জানতে পেরে দুদকের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফফার ভূমি কার্যালয়ে আসেন। পরে ওই টাকা আবু তাহেরকে দেওয়ার সময় আবদুল গাফফার তাঁকে আটক করেন। তিনি আবু তাহেরকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করেন। আবদুল ছাত্তার বলেন, ‘আমার জমির সব কাগজপত্র বৈধ থাকার পরও তিনি আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ কারণে আমি বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি।’ নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম মণ্ডল জানান, এ ঘটনায় দুদকের উপপরিচালক আবদুল গাফফার বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুদকই এ মামলার তদন্ত করবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার পর তাঁর সম্পর্কে অনিয়মের কথা জানতে পারি। এ ব্যাপারে তাঁকে অনেক সতর্ক করা হয়েছিল।