ঘুষ নেওয়ার দায়ে দুই জরিপকারীর কারাদণ্ড
ফরিদপুরে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জরিপকারীকে (সার্ভেয়ার) ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত সাড়ে আটটার দিকে এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান।
দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার শিবপুর গ্রামের মো. খলিলুর রহমান (৩৮) এবং শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কাশিখণ্ড গ্রামের আতিকুর রহমান (৫২)। তাঁরা দুজনই ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জমি অধিগ্রহণ শাখায় (এলএ) সার্ভেয়ার হিসেবে কর্মরত রয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, সালথা উপজেলার বদরপুর-সালথা সড়কের ফুলবাড়িয়া এলাকায় বর্ধিত অংশের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা বাবদ ৩৯ লাখ টাকা পাইয়ে দেওয়ার জন্য ওই এলাকার বাসিন্দা ইয়ার মোল্লা (৬৯), তাঁর তিন ছেলে ইউনুস মোল্লা (৪৭), হারুন মোল্লা (৩৩) ও ইব্রাহিম মোল্লা (২৮) এবং প্রতিবেশী মো. লালন মোল্লার (৪৫) কাছে ৯ লাখ টাকা দাবি করেন জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার ওই দুই সার্ভেয়ার মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান এবং তাঁদের আরও তিন সহযোগী। এ লক্ষ্যে ওই পাঁচ ব্যক্তি ১৮ অক্টোবর ফুলবাড়িয়া গিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। আলোচনা করে ৯ লাখ টাকা দিতে সম্মত হন ওই পাঁচ জমির মালিক। এরই অংশ হিসেবে গত রোববার বিকেল চারটার দিকে দুই সার্ভেয়ারকে ৩ লাখ টাকা ঘুষ দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ঘুষ গ্রহণের সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল চারটার দিকে শহরের ঝিলটুলী এলাকার পানি ট্যাংকের মোড়ে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার ওই দুজন কর্মচারীকে হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মতিয়ার রহমান। আদালত সার্ভেয়ার আতিকের কাছ থেকে ২ লাখ ও খলিলের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান বলেন, পরে আটক করা ওই দুই সার্ভেয়ারকে ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭১ (ঙ) ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।